ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মাত্র চারদিনে ৬২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০৪, ১ ডিসেম্বর ২০২৪
মাত্র চারদিনে ৬২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করলো ইসরায়েল
ফাইল ফটো

লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার মাত্র চার দিনের মাথায় অব্যাহতভাবে এ চুক্তি লঙ্ঘন করে চলেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এমনকি গত ২৪ ঘণ্টাতেও হামলা চালিয়েছে ইসরায়েল, যার ফলে সেখানে দু’জন নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম আল-আরবি আল-জাদিদ জানিয়েছে, শনিবার (৩০ নভেম্বর) গভীর রাতে এবং রোববার ভোরে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের আল-খিয়াম শহরে আর্টিলারি হামলা চালায়।

এছাড়াও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রথমবারের মতো ইসরায়েলি ড্রোনগুলো লেবাননের রাজধানী বৈরুত এবং এর দক্ষিণ অঞ্চলের উপর দিয়ে স্বল্প উচ্চতায় উড়ে গেছে। ড্রোনগুলো বৈরুতের উত্তর-পূর্বে বালবেক শহরের উপরেও স্বল্প উচ্চতায় উড়তে দেখা গেছে।

Advertisement

সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, কেবল শনিবারেই ইসরায়েলি বাহিনী ২৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। যার ফলে গত ২৭ নভেম্বর থেকে মোট চুক্তি লঙ্ঘনের সংখ্যা দাঁড়িয়েছে ৬২-তে।

এই লঙ্ঘনগুলোর মধ্যে ছিল- বিমান হামলা, আর্টিলারি ফায়ার, ড্রোন কার্যক্রম, গুলি চালানো, দক্ষিণাঞ্চলীয় গ্রামগুলোতে অনুপ্রবেশ এবং বিভিন্ন অঞ্চলে যানবাহন পোড়ানো ও ধ্বংস করা।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে- আইতারুন, বিনত জবাইল এবং আল-মুতাইত অঞ্চল।

আল-আরবি আল-জাদিদ জানিয়েছে, এই যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে এখন পর্যন্ত অন্তত দু’জন লেবাননি নিহত এবং আরো ১০ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, লেবাননে এই যুদ্ধবিরতি চুক্তিটি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষ বন্ধ করার জন্যই করা হয়েছে। যা গত কয়েক মাসে আরো তীব্র আকার ধারণ করেছিল।

তবে ইসরায়েলের অব্যাহত লঙ্ঘনের ফলে অঞ্চলটিতে আবারও উত্তেজনা ফিরে আসতে পারে বলেই শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: ইরনা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!