ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে ৮৯১ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৯, ২ জানুয়ারি ২০২৫
গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে ৮৯১ ইসরায়েলি সেনা নিহত
ফাইল ফটো

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ সংঘাত শুরুর পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাবে সেনা সদস্য নিহতের সংখ্যা প্রকাশ করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। বহু বছর ধরে চলমান নির্যাতন, গণহত্যা, ভূমি দখল ও মানবাধিকার লঙ্ঘনের মতো বিভিন্ন গুরুতর সব অন্যায়ের প্রতিশোধ নিতে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল।

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে, গাজায় চলমান সামরিক অভিযানে এখন পর্যন্ত তাদের ৮৯১ জন কর্মকর্তা এবং সৈন্য নিহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলোও এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ১৯৭৩ সালে ইয়োম কিপ্পুর যুদ্ধে দেশটির সবচেয়ে বেশি সেনা সদস্য নিহত হয়। এদিকে ইসরায়েলি আর্মি রেডিও এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ২৮ ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে। গত ১৩ বছরের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ।

Advertisement

প্রায় ১৪ মাস ধরে গাজায় সংঘাত চলছে। এদিকে গাজার মানবিক অঞ্চল বলে পরিচিত দক্ষিণাঞ্চলীয় মাওয়াসি অঞ্চলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ১১ ফিলিস্তিনি নিহত হয়েছে।

এক ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, গাজায় তীব্র শীতে এখন পর্যন্ত সাত শিশুর মৃত্যু হয়েছে। অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত অন্তত ৪৫ হাজার ৫৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ১ লাখ ৮ হাজার ৩৭৯ ফিলিস্তিনি।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!