ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। শুক্রবার তিনি তার প্রতিনিধি দল নিয়ে পাকিস্তানে পৌঁছান। তবে তার এই সফরকে ঘিরে একটি বিশেষ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
গালিবাফ তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায়—বিমানের খালি আসনগুলোতে সাজিয়ে রাখা হয়েছে ইরানের মিনাব এলাকায় একটি স্কুলে হামলায় নিহত শিশুদের ছবি ও তাদের ব্যবহার্য সামগ্রী। আবেগঘন এই পোস্টে তিনি লিখেছেন, “ফ্লাইটে আমার সঙ্গীরা—মিনাব ১৬৮।”
.png)
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সংঘটিত হামলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জড়িত বলে অভিযোগ করা হয়। ওই হামলার সময় মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়েও আঘাত হানা হয়, যেখানে দেড় শতাধিক শিক্ষার্থী নিহত হয় বলে জানা গেছে।
নিহত শিশুদের প্রতি শ্রদ্ধা জানাতেই গালিবাফ এমন প্রতীকী উদ্যোগ নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার এই পোস্ট ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।