তিউনিসিয়া থেকে ইতালির পথে ভয়াবহ নৌকাডুবি নিখোঁজ ১৩
ইতালির উদ্দেশে যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এতে অন্তত ১৩ জন তিউনিসীয় নিখোঁজ রয়েছেন। এ ছাড়া দুই অভিবাসীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন এক মানবাধিকার কর্মী।
তিউনিসিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান মুস্তাফা আবদেলকেবির জানান, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে নৌকাটি ইতালি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। সাগরে উল্টে যাওয়ার পর বেঁচে যাওয়া দুজন বেশ কয়েক ঘণ্টা ভেসে ছিলেন। তাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
একসময় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের জন্য তিউনিসিয়াকে অন্যতম প্রধান রুট হিসেবে ব্যবহার করা হতো।
তবে সম্প্রতি সীমান্ত নজরদারি জোরদার এবং সরকারি কঠোর অভিযানের কারণে এই পথ দিয়ে অভিবাসন আগের চেয়ে অনেকটাই কমেছে। এই কার্যক্রমে ইতালি ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা ভূমিকা রাখছে।
তবে ইউরোপীয় অর্থায়নে চলা এই সীমান্ত নিয়ন্ত্রণের কারণে তিউনিসিয়ায় আশ্রয়প্রার্থী ও অভিবাসীদের ওপর নির্যাতন বাড়ছে বলে দাবি করেছে হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
তারা এই অর্থায়ন বন্ধের দাবি জানিয়েছে। যদিও এ বিষয়ে তিউনিসিয়ার প্রতিক্রিয়া জানা যায়নি, তবে দেশটি আগে থেকেই বলে আসছে—অভিবাসন সংকটের বড় প্রভাব তাদের একা সামলাতে হচ্ছে। (তথ্যসূত্র: জিও নিউজ)