ঢাকা,  শনিবার   ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

‘ভারত এখন অঘোষিত জরুরি অবস্থার মধ্যে রয়েছে’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:২৭, ১০ অক্টোবর ২০২৬
‘ভারত এখন অঘোষিত জরুরি অবস্থার মধ্যে রয়েছে’
গণহারে আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক। ছবি: সংগৃহীত

ভারতের দিল্লিতে জন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচিতে বাধা দেওয়া এবং গণহারে আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক। আটক ব্যক্তিদের আগামীকালের মধ্যে মুক্তি না দিলে অনশন অথবা পদযাত্রা কর্মসূচি পালনের কথা বিবেচনা করবেন বলে জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সোনম ওয়াংচুক বলেন, ‘ভারত এখন অঘোষিত জরুরি অবস্থার মধ্যে রয়েছে।’ এ সময় ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপকে ও অন্যদের আটকের ঘটনায় উদ্বেগ জানান তিনি।

ওয়াংচুক বলেন, ‘আগামীকালের মধ্যে তাদের মুক্তি দেওয়া না হলে আমাকে অনশন অথবা পদযাত্রা কর্মসূচির কথা বিবেচনা করতে বাধ্য হতে হবে।’

গত ১০ অক্টোবর সিজেপি ও বিরোধী দলের নেতারা দিল্লির জন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি পালনের উদ্যোগ নেন। তবে তাদের সেখানে বিক্ষোভ করতে দেওয়া হয়নি। নির্বাচন কমিশনের কথিত অনিয়ম এবং ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে কমিশনের যোগসাজশের অভিযোগ তুলে এ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

সিজেপির প্রথম প্রতিবাদ কর্মসূচিতে পরিচিত মুখ ছিলেন সোনম ওয়াংচুক। ওই আন্দোলনের জেরে জুলাইয়ে দেশটির শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ১০ অক্টোবরের কর্মসূচিতে তিনি উপস্থিত ছিলেন না। এর আগের দিন তিনি জানিয়েছিলেন, লাদাখে বাড়িতে তার আরও গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। পরে আন্দোলনকারীদের আটকের ঘটনায় তিনি তাদের সমর্থনে প্রতিক্রিয়া জানান।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!