মুক্তি পেলেন অভিজিৎ দীপকে
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শনিবার (১৭ অক্টোবর) সকালে দিল্লির একটি আদালতের নির্দেশে মুক্তি পেয়েছেন। শুক্রবার দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ পদযাত্রায় যোগ দিতে যাওয়ার পথে পুলিশ তাকে আটক করেছিল।
আদালতের শর্ত অনুযায়ী তাকে ৫০ হাজার রুপি মুচলেকা দিতে হয়েছে এবং শান্তিশৃঙ্খলা ভঙ্গ করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। শুনানি শেষে মন্দির মার্গ থানা থেকে তিনি বেরিয়ে আসেন।
একই সঙ্গে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাও শুক্রবার আটক হয়েছিলেন। দিল্লি পুলিশ জানিয়েছে, শনিবার ভোরেই তাকে ছেড়ে দেওয়া হয়।
সিজেপির আরও দুই নেতা আশুতোষ রঙ্কা ও সৌরভ দাস এখনও যন্তর মন্তরে অনধিকার প্রবেশের অভিযোগে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। গত সপ্তাহে যন্তর মন্তরে বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় কনট প্লেসে পদযাত্রা শুরুর আগেই নেহা বোরা ও অভিজিৎ দীপকেকে ‘প্রতিরোধমূলক হেফাজতে’ নেওয়া হয়। ওই কর্মসূচিতে জাতীয় পতাকা উত্তোলনের পরিকল্পনা ছিল। পুলিশের বাধা সত্ত্বেও শিক্ষার্থী ও অন্যান্য আন্দোলনকারীরা পতাকা হাতে ছোট ছোট পদযাত্রা বের করেন।
নেহা বোরাকে দিল্লি পুলিশ আইনের অধীনে আটকের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরই মুক্তি দেওয়া হয়। কিন্তু অভিজিৎ দীপকের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় শান্তি ভঙ্গের অভিযোগে নতুন মামলা দায়ের করে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে, গত ১০ অক্টোবর দিল্লি বিমানবন্দরে বিমানের ভেতর থেকেও দীপকেকে আটক করা হয়েছিল। তখনও শান্তি ভঙ্গের অভিযোগে মামলা হয় এবং তিনি এক বছরের জন্য শান্তিশৃঙ্খলা বজায় রাখার মুচলেকায় সই দিয়ে মুক্তি পান।