ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সংসদ ভবনে হামলার পরিকল্পনা: আমির হামজার ১০ দিনের রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪২, ২৫ মে ২০২১
সংসদ ভবনে হামলার পরিকল্পনা: আমির হামজার ১০ দিনের রিমান্ড আবেদন
মুফতি আমির হামজা - ফাইল ছবি

সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলার পরিকল্পনা মামলায় আলোচিত ধর্মীয় বক্তা মুফতি আমির হামজাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। 

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

এদিন আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক কাজী মিজানুর রহমান। 

Advertisement

এর আগে, গতকাল সোমবার কুষ্টিয়া থেকে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট গ্রেফতার করে।

জানা গেছে, মুফতি আমির হামজা ওয়াজ-মাহফিলে ইসলামের নামে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। ইউটিউবে প্রকাশিত তার বেশকিছু বক্তব্য উগ্রবাদ ছড়াচ্ছে। যা শুনে কোমলমতি কিশোর-তরুণরা জঙ্গিবাদে আকৃষ্ট হচ্ছে। সাম্প্রতিক হেফাজতের নেতাকর্মীদের গ্রেফতারের অভিযানের কারণে আত্মগোপনে ছিলেন আমির হামজা। 

এদিকে এ মামলায় গত ১৫ মে উগ্রবাদী বক্তা আলী হাসান উসামা দায় স্বীকার করে ঢাকা দেবব্রত বিশ্বাসের আদালতে জবানবন্দি দেন। একইসঙ্গে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য আল আমিনকে কারাগারে পাঠানো হয়। এর আগে দুই দফায় তাদের দুজনের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

গত ৫ মে তলোয়ার নিয়ে সংসদ ভবনে হামলা চালানোর চেষ্টারত সাকিব নামে এক যুবককে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। সাকিবকে আটকের পর শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় সাকিবসহ আলী হাসান উসামা ও মাওলানা মাহমুদুল হাসান গুনবীকে আসামি করা হয়।

কাউন্টার টেরোরিজম ইউনিট সূত্রে জানা গেছে, সাকিবের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মামলার এজাহারে বলা হয়েছে, সাকিব মোবাইল ফোনে উগ্রবাদ বার্তা সংবলিত ভিডিও প্রচারকারী আলী হাসান উসামা, মাহমুদুল হাসান গুনবী, আমির হামজা, হারুন ইজহার প্রমুখ ব্যক্তির উগ্রবাদী জিহাদি হামলার বার্তা সংবলিত ভিডিও দেখে উগ্রবাদে আসক্ত হয়।

উল্লেখ্য, কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় ওয়াজকারী আমির হামজার জন্ম ১৯৯১ সালে। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে আল-কোরআনের ওপর অনার্স ও মাস্টার্স করেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!