এইচএসসি’র ফরম পূরণ-পাসের সুযোগ পাচ্ছে না সেই ১০ কলেজ
২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ও পাশের সুযোগ চেয়ে ১০টি কলেজের করা রিট আবেদনে হাইকোর্টের জারি করা রুল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
এর ফলে ওই ১০ কলেজের সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ফরম পূরণের আবেদন করার আর আইনি সুযোগ থাকলো না।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ মঙ্গলবার এ আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনে এ আদেশ দেন আপিল বিভাগ।
.png)
রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী।
যে ১০টি কলেজ সুযোগ চেয়েছিল সেগুলো হলো-উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, মোয়াজ্জেম হোসেন আইডিয়াল কলেজ, মডেল কলেজ, উত্তরার লরিয়াল কলেজ, আমেরিকান মডেল স্কুল অ্যান্ড কলেজ, ইমিডেন্স কলেজ, বিসিআই কলেজ, ওয়াইডভিশন কলেজ ও দি ব্রিলিয়ান্ট কলেজ।
মঙ্গলবার (২৫মে) রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি করে বেঞ্চ এ আদেশ দেন। ওই বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য সর্বশেষ সময় নির্ধারণ করা হয় ১৮ মার্চ। এর মধ্যে বিশ্বব্যাপী করোনার প্রকোপ শুরু হয়। এ পরিস্থিতিতে ফরম পূরণের সময় বাড়ানো হয় ওইবছরের ২৩ মার্চ পর্যন্ত। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ওই ১০টি কলেজের শিক্ষার্থীরা ফরম পূরণে ব্যর্থ হয়। পরবর্তীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২০ সালের এইচএসসি পরীক্ষা নেয়া থেকে বিরত থাকে। পরে গতবছর ৭ অক্টোবর এসএসসি ও জেএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসির ফল ঘোষণার সিদ্ধান্ত জানিয়ে দেয় সরকার।
এরপর ওই বছরের ২৪ নভেম্বর ওই ১০টি কলেজ ফরম পূরণের সুযোগ চেয়ে ও ফল ঘোষণা চেয়ে বোর্ডের কাছে একটি আবেদন করে। বোর্ড সাড়া না দেয়ায় শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ ও এইচএসসি পাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করে ওই ১০টি কলেজ। হাইকোর্ট ওই কলেজগুলোর শিক্ষার্থীদের ফরম পূরণের কেন সুযোগ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।