ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

পার্থ গোপালের অস্বাভাবিক জামিন বিষয়ে হাইকোর্টের রায় ২ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৯:৫২, ২৬ আগস্ট ২০২১
পার্থ গোপালের অস্বাভাবিক জামিন বিষয়ে হাইকোর্টের রায় ২ সেপ্টেম্বর
ফাইল ছবি

৮০ লাখ টাকাসহ হাতে নাতে গ্রেফতার হয়ে বরখাস্ত ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিককে অস্বাভাবিকভাবে জামিন দেওয়ার ঘটনায় হাইকোর্টের জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ২ সেপ্টেম্বর রায় দিবেন আদালত।

বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

Advertisement

এর আগে ১৯ আগস্ট বরখাস্তকরা ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিককে অস্বাভাবিকভাবে জামিন দেওয়ার ঘটনায় হাইকোর্টে ক্ষমা প্রার্থনা করেন ঢাকার বিশেষ জজ আদালত–৫ এর বিচারক ইকবাল হোসেন।

হাইকোর্টে দাখিল করা ব্যাখ্যায় তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার শেষ না করে বরখাস্তকরা ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিককে জামিন দেওয়ায় ভুলের জন্য হাইকোর্টে ক্ষমা প্রার্থনা করে তাকে অব্যাহতি দিতেও আবেদন করেছেন ওই বিচারক। হাইকোর্টের এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে লিখিত ব্যাখ্যা দেন জজ ইকবাল হোসেন।

ব্যাখ্যায় তিনি বলেছেন, ফৌজদারি আপিল (নং ১০৫৩৪/১৯) মামলায় গত বছরের ২ নভেম্বর হাইকোর্ট এক আদেশে পার্থ গোপাল বণিকের মামলার বিচার ছয় মাসের মধ্যে শেষের জন্য জজ ইকবাল হোসেনকে নির্দেশ দেওয়া হয়। এ আদেশ যথাসময়ে না পৌঁছায় ছয় মাসের সময়সীমা অতিক্রম হয়েছে বলে আসামির আইনজীবী বিশেষ আদালতকে জানায়। এছাড়া ফৌজদারি রিভিশন (মামলা নং ১৪৫/২১) মামলায় গত ২৫ জানুয়ারি হাইকোর্ট অপর এক আদেশে মামলাটির বিচার এক বছরের মধ্যে শেষ করতে বলা হয়। গত ১০ মার্চ এ আদেশের অনুলিপি পান। আদেশে উল্লিখিত সময়সীমার মেয়াদ এখনো রয়েছে। বিশেষ আদালতের বিচারক ইকবাল হোসেন ব্যাখ্যায় বলেছেন, তিনি হাইকোর্টের আদেশ প্রতিপালনে সদা সচেষ্ট রয়েছেন।

গত ২৮ জুন নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার শেষ না করে পার্থ গোপাল বণিককে অস্বাভাবিকভাবে জামিন দেওয়ার ঘটনায় ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেনের কাছে ব্যাখ্যা চান হাইকোর্ট। একই সঙ্গে পার্থ গোপাল বণিক অস্বাভাবিকভাবে জামিন দেওয়ার বিষয় নিয়ে চ্যানেল ২৪ এ প্রচারিত প্রতিবেদনের ভিডিও ক্লিপ আদালতে দাখিল করতে বলা হয়েছে। এছাড়া পার্থ গোপাল বণিকের জামিন স্থগিত চেয়ে আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত।

৮০ লাখ টাকাসহ হাতে নাতে গ্রেফতার বরখাস্তকৃত ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিককে অস্বাভাবিকভাবে জামিন দেওয়ার বিষয়টি হাইকোর্টের নজরে আনেন আইনজীবী মনিরুজ্জামান লিংকন। এছাড়া তার জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুদক।

গত ১৯ জুন জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অর্জনের মামলায় সাময়িক বরখাস্ত হওয়া কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) পার্থ গোপাল বণিক জামিন পান।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!