আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হলেন মনজিল মোরসেদ
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট ঝালকাঠির কৃতি সন্তান অ্যাডভোকেট মনজিল মোরসেদ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
বৃহস্পতিবার আপিল বিভাগের রেজিস্ট্রার বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মনজিল মোরসেদসহ ৩২ জনকে সিনিয়র আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করার বিষয়টি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পরিবেশ রক্ষায় ও জনস্বার্থে বুড়িগঙ্গাসহ চার নদী রক্ষায় রিট করে নদীগুলো দখলমুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে মনজিল মোরসেদের সংগঠন এইচআরপিবি। এছাড়া বরিশালের কীর্তনখোলা নদী, জেল খাল ও পুটিয়া খাল অবৈধ দখলদারের কাছ থেকে উদ্ধারসহ সারাদেশের নদী-নালা, খাল-বিল,
পাহাড় ও ঐতিহ্যবাহী পুরাতন পুকুর রক্ষা এবং অবৈধ দখলদার উচ্ছেদের মাধ্যমে পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রেখেছেন তিনি।
পরিবেশ পদকপ্রাপ্ত অ্যাডভোকেট মনজিল মোরসেদ ঝালকাঠির কীর্তিপাশা ইউনিয়নের বাউলকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম জবেদ আলী মিয়ার সন্তান। মনজিল মোরসেদ ১৯৮৮ সালে আইন পেশায় যোগদান করেন। তিনি সর্বাধিক জনস্বার্থ বিষয়ক বিচিত্র মামলার বাদী ও আইনজীবী। ২২৫টি জনস্বার্থ বিষয়ক মামলা দায়ের করে মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণে অন্যন্য ভূমিকা রেখেছেন মনজিল মোরসেদ।