ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

৬ মাসের মধ্যে বরখাস্তকৃত ডিআইজি মিজানের মামলা নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৮:১৮, ২৫ জুলাই ২০২২
৬ মাসের মধ্যে বরখাস্তকৃত ডিআইজি মিজানের মামলা নিষ্পত্তির নির্দেশ
ফাইল ফটো

পুলিশের বরখাস্তকৃত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আনা মামলার বিচার কার্যক্রম ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

সোমবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

মিজানুর রহমানের জামিন আবেদন বিষয়ে শুনানি নিয়ে এ আদেশ দেন আদালত। আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিষ্টার মাহবুব শফিক। দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।

Advertisement

দুদক আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, আদালত তাকে জামিন না দিয়ে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে থাকা মামলাটি ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।

২০১৯ সালের ২৪ জুন দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির পরিচালক মনজুর মোর্শেদ বাদী হয়ে মামলাটি সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন। মামলার আসামিরা হলেন- ডিআইজি মিজানুর রহমান, তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ভাগ্নে পুলিশের এসআই মাহমুদুল হাসান ও ছোট ভাই মাহবুবুর রহমান।

মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

এছাড়া ২০১৯ সালের ১৬ জুলাই ৪০ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান ও দুদক পরিচালক এনামুল বাছিরের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ দুদকের পরিচালক ও অনুসন্ধান দলের নেতা শেখ মো. ফানাফিল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলার বিচার শেষে এনামুল বাছিরের ৮ বছর এবং মিজানুর রহমানের ৩ বছর কারাদণ্ড হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: হাইকোর্ট
লিংক সফলভাবে কপি হয়েছে!