ছাত্রীকে যৌন নির্যাতন: হলি ফ্যামিলির সালাউদ্দিনের বিচার শুরু
রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানি করা মামলায় প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরী বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক আল-মামুন আসামির অব্যাহতির আবেদন খারিজ করে এ অভিযোগ গঠন করেন।
এদিন আসামি সালাউদ্দিন চৌধুরী আদালতে উপস্থিত হন। এরপর তার উপস্থিতিতে অভিযোগ গঠন শুনানি শুরু হয়। এ সময় তার আইনজীবী মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। একইসঙ্গে এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩ অক্টোবর দিন ধার্য করেন।
আরো পড়ুন> চবির দুই ইউনিটে ২৭৬ শিক্ষার্থীর ফলাফল সংশোধনের সিদ্ধান্ত
.png)
যৌন হয়রানির অভিযোগ ২০২১ সালের ২৮ ডিসেম্বর রমনা থানায় ডা. সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থী। মামলার পরিপ্রেক্ষিতে তার পরদিন ২৯ ডিসেম্বর তাকে গ্রেফতার করে র্যাব। এরপর গত ১৩ জানুয়ারি জামিন পান তিনি। তদন্ত শেষে গত ৩১ জানুয়ারি সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে৷ অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সালমান রহমান।
মামলার সূত্রে জানা যায়, মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরী ২০২১ সালের ৯ সেপ্টেম্বর মেসেঞ্জারে ভুক্তভোগী শিক্ষার্থীকে বিভিন্ন কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় তাকে এক শিক্ষাবর্ষে অনেক বছর আটকে রাখবে বলে হুমকি দেয়। এরপর কলেজে বিভিন্নভাবে ডেকে তাকে উনার দেওয়া মেসেজ ফোন থেকে মুছে দিতে আর উনার সঙ্গে আলাদাভাবে দেখা করতে বলেন। এর আগে উনি সেই শিক্ষার্থীকে কলেজে প্রাইভেট পড়াবেন বলে দুই দফায় ২০ হাজার টাকা নেন, কিন্তু পড়াননি। পড়ার জন্য বারবার তাকে তার বাসায় আসতে বলেন, তবে সেই শিক্ষার্থী রাজি হননি।