রোববার বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, হাইকোর্ট বজলুর রশিদের আপিল খারিজ করেছেন। এর ফলে তার ৫ বছরের সাজা বহাল রয়েছে।
.png)
গত বছরের ২৩ অক্টোবর জ্ঞাত আয়ের বাইরে ৩ কোটি টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগে কারা কর্তৃপক্ষ থেকে বরখাস্ত হওয়া উপ-কারা মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) বজলুর রশিদকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়া তাকে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়। সেই থেকেই বজলুর রশিদ এখনো কারাগারেই আছেন।
গত বছরের ২ নভেম্বর বজলুর রশিদ পাঁচ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন। ৩ নভেম্বর খালাস চেয়ে আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।
রোববার শুনানি গ্রহণ শেষে হাইকোর্ট তার আপিল খারিজ করে রায় দেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ২০ অক্টোবর সকাল ১০টায় বজলুর রশীদ ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে দুদক। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। ঐদিনই দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে বজলুর রশীদের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় ৩ কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।