ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

রানা প্লাজা ট্রাজেডি: ১১৩৬ শ্রমিকের মৃত্যুর মামলায় সাক্ষ্য পেছালো

আদালত প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৫, ১৪ মে ২০২৪
রানা প্লাজা ট্রাজেডি: ১১৩৬ শ্রমিকের মৃত্যুর মামলায় সাক্ষ্য পেছালো
রানা প্লাজা ট্রাজেডি। ছবি: সংগৃহীত

১১ বছর আগে সাভারের রানা প্লাজা ভবন ধসে ১১৩৬ শ্রমিকের মৃত্যুর মামলায় ভবন মালিক সোহেল রানাসহ ৩৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৭ মে দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনের আদালতে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন কোনো সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে নতুন দিন ধার্য করেন বিচারক। মামলায় এখন পর্যন্ত মোট ৫৯৪ জন সাক্ষীর মধ্যে ৯০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। 

মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ভবন ধসে চাপা পড়েন সাড়ে পাঁচ হাজার পোশাক শ্রমিক। ঐ ঘটনায় এক হাজার ১৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত ও পঙ্গু হন প্রায় দুই হাজার শ্রমিক। ধ্বংসস্তূপের নিচ থেকে দুই হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।

Advertisement

ঐ ঘটনায় সাভার থানার এসআই ওয়ালী আশরাফ ভবন নির্মাণে ‘অবহেলা ও ত্রুটিজনিত হত্যা’ মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৫ সালের ২৬ এপ্রিল সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয়কৃষ্ণ কর ভবন মালিক সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় সাক্ষী করা হয় ৫৯৪ জনকে। মামলার ৪১ আসামির মধ্যে ভবন মালিক সোহেল রানার বাবা আব্দুল খালেক, অন্য আসামি আবু বক্কর সিদ্দিক ও আবুল হোসেন মারা যান। তিনজনকে বাদ দিয়ে হত্যা মামলায় এখন আসামির সংখ্যা ৩৮ জন।

২০১৬ সালের ১৮ জুলাই তৎকালীন  ঢাকা জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ২০২২ সালের ৩১ জানুয়ারি মামলার বাদী সাভার থানার তৎকালীন এসআই ওয়ালী আশরাফ আদালতে সাক্ষ্য দেন। তার সাক্ষ্যগ্রহণের মাধ্যমে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। 

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- রানা প্লাজার মালিক সোহেল রানা, তার মা মর্জিনা বেগম, সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার হাজি মোহাম্মদ আলী, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (আর্কিটেকচার ডিসিপ্লিন) এটিএম মাসুদ রেজা, প্রকৌশলী সাজ্জাদ হোসাইন, সাভার পৌরসভার সাবেক মেয়র মো. রেফাতউল্লাহ, সাভার পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, সাভার পৌরসভার সাবেক টাউন প্ল্যানার ফারজানা ইসলাম, লাইসেন্স পরিদর্শক মো. আব্দুল মোত্তালিব, পৌরসভার সাবেক সচিব মর্জিনা খান, সাবেক সচিব মো. আবুল বাশার, ফ্যান্টম অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ আমিনুল ইসলাম, নিউ ওয়েব বটমস লিমিটেডের এমডি বজলুস সামাদ ও ইথার টেক্স লিমিটেডের চেয়ারম্যান মো. আনিসুর রহমান।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!