ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপিপুত্র মিন্টু কারাগারে
নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক সাদ্দাম হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক শফিকুল ইসলাম জানান, আদালতের মঞ্জুর করা তিন দিনের রিমান্ড শেষে শুক্রবার বিকেলে মিন্টুকে আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ২৬ অক্টোবর রাতে শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। পরদিন তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন শাকিল। এ সময় মোটরসাইকেলে থাকা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন।
গুলি থেকে বাঁচতে শাকিল দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে তাকে ধাওয়া করেন। একপর্যায়ে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির সামনে তাকে ধরে চাপাতি ও চায়নিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান তারা।
পরে স্থানীয়রা শাকিলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শাকিলকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।