ঠাকুমা পুষ্পরানির রান্না : ২০২১ এ বাজিমাত
খড়ের ছাউনি, মাটির চুলা আর সাধারণ সব উপাকরণে নির্মিত ঘরোয়া ও খোলামেলা রান্নাঘর তার। কাঠের খড়ি বা গ্রামীণ সব জ্বালানী দিয়ে রান্না করেন তিনি। শীল-নোড়ায় পেষা মশলা আর বাগানের সবজি দিয়েই করেন সাধারণ সব রান্না। বলছি, পুষ্পরানি সরকারের কথা। যার রেসিপি ২০২১ সালে বেশ সাড়া ফেলেছে বাংলাদেশের ইউটিউব দর্শকদের মধ্যে।
পুষ্পরানি সরকারের বয়স ৮৩ বছর। ভারতের বীরভূমের ইলামবাজারের বনভিলার বাসিন্দা তিনি। কাঁচকলার কোপ্তা, নানা রকমের ইলিশ ভাপা, কচুর শাক, থানকুনি পাতার চচ্চড়ি, তেল কই, লাউয়ের ঘণ্ট, কুমড়ো ফুলের বড়াসহ বাংলার অতি সাধারণ রেসিপিতেই তাক লাগিয়ে দিয়েছেন তিনি। প্রত্যন্ত গ্রামে থাকলেও তার রেসিপিই তাকে করেছে স্টার। দেশ-বিদেশের রান্নাঘরে এখন তৈরি হচ্ছে তারই তৈরি বাঙালি রেসিপি। তবে শুধু বাঙালি নয়, চিনারাও চেখে দেখছেন এই নারীর রেসিপি।

ইউটিউবের মাধ্যমে তার রান্নার ভিডিও ছড়িয়ে পড়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। বর্তমানে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ১ দশমিক ৮৮ মিলিয়ন। ইউটিউব সংস্থা ২০২০ সালেই তার চ্যানেল ভিলফুডকে দিয়েছে ‘গোল্ড প্লে’ সম্মান। আর ২০২১ সালে তার চ্যানেল বেশ সাড়া জাগিয়েছে বাংলোদেশেও। পুষ্পরানি কোনো রান্নার ভিডিও আপলোড হলে তা ২৪ ঘণ্টার মধ্যে ভিউয়ার সংখ্যা হয় এক লাখ।
তার এই রেসিপির ভিডিও আপলোড করেই ইউটিউব থেকে বছরে আট থেকে দশ লাখ টাকা উপার্জন করছেন তিনি। ভারতিয় এই চ্যানেলে রয়েছে চীন, বাংলাদেশ, আফ্রিকা, তুরস্ক, ইংল্যান্ড ও আমেরিকার সাবস্ক্রাইবার।