ভাজাপোড়া খেতে সবাই খুব পছন্দ করেন। কিন্তু স্বাস্থ্যের ক্ষতি হওয়ার ভয়ে অনেকেই ভাজাপোড়া এড়িয়ে চলেন। কিন্তু পালং শাকের বড়া খেতেও মজাদার পাশাপাশি স্বাস্থ্যকরও। তাই নিশ্চিন্তে খেতে পারেন। সুস্বাদু এবং স্বাস্থ্যকর এই বড়াটি তৈরি করাও খুব সহজ। চলুন তাবে পালং শাকের বড়া বানানোর রেসিপিটি জেনে নেয়া যাক-
উপকরণ: পালং শাক কুঁচি ২ কাপ, রসুন কুঁচি ২ কোয়া, পেঁয়াজ কুঁচি ১টি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, গুঁড়া মরিচ সামান্য, কাঁচামরিচ কুঁচি ২ চা চামচ, ধনেপাতা কুঁচি আধা কাপ, চালের গুঁড়া ৫ চা চামচ, লবণ স্বাদমতো।
.png)
প্রণালী: প্রথমে একটি পাত্রে একে একে পালং শাক কুঁচি, রসুন কুঁচি, পেঁয়াজ কুঁচি, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, গুঁড়া মরিচ, কাঁচামরিচ কুঁচি, ধনেপাতা কুঁচি, চালের গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। কোন পানি দেওয়া যাবে না। তারপর কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে।
এবার মেখে রাখা পালং শাক গোল গোল করে শেপ করে ডুবো তেলে ভাঁজতে হবে। লাল লাল হলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার পালং শাকের বড়া। মজাদার এই বড়াটি খালি কিংবা গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। দেড়ি না করে আজই তৈরি করুন সুস্বাদু পালং শাকের বড়া।