ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

নাশতার একঘেয়ে স্বাদ বদলে খেতে পারেন যেসব খাবার

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৯:১৯, ২৭ সেপ্টেম্বর ২০২৪
নাশতার একঘেয়ে স্বাদ বদলে খেতে পারেন যেসব খাবার
ছবি: অন্তর্জাল

সকালের নাশতায় আমরা কী কী খাই? এই প্রশ্নের জবাবে বেশিরভাগ মানুষই বলবেন রুটি-ভাজি নয়তো পাউরুটি জেলি। কেউ কেউ আবার ওটস বা কর্নফ্লেক্স-দুধ খান সময় বাঁচাতে।

কিন্তু রোজ রোজ একইরকম খাবার খেতে কি আর ভালো লাগে? মন বলে, ভিন্ন কিছু হলে মন্দ হতো না।

আর তাই সকালের নাস্তার স্বাদ বদল করতে পাতে রাখতে পারেন ভিনদেশী কোনো পদ। এমন ৩টি পদের সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক-

Advertisement

প্যান কোন তোমেতে (স্প্যানিশ টমেটো ব্রেড): স্প্যানিশ এই খাবারটি বেশ জনপ্রিয়। কম পরিশ্রমেই বানিয়ে নেওয়া যায়। পাউরুটির আর টমেটোর মিশ্রণে এই পদটি তৈরি হয়। বেশ স্বাস্থ্যকর একটি খাবার এটি। টমেটোতে থাকে লাইকোপিন নামে অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন কে এবং ক্যালশিয়াম।

টমেটো সেদ্ধ করে ম্যাশ করা হয়। এরপর পাউরুটি সেঁকে তার ওপর টমেটোর পেস্ট মাখিয়ে নিতে হয়। তার ওপর ছড়িয়ে দিতে হয় সামান্য অলিভ অয়েল আর লবণ। ব্যাস, স্প্যানিশ প্যান কোন তোমেতে তৈরি।

সাকসুকা: টার্কি, ইয়েমেন, লিবিয়াসহ বেশ কিছু দেশের জনপ্রিয় সকালের নাশতার পদ সাকসুকা। ডিম ও টমেটো দিয়ে তৈরি হয়। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, ক্যাপসিকাম কুচি দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। এতে দিয়ে দিতে হবে টমেটো কুচি বা পেস্ট। মিশ্রণটি স্বাদমতো লবণ, চিলি ফ্লেক্স ও জির গুঁড়ো দিয়ে কষিয়ে কয়েকটি কাঁচা ডিম তার মধ্যে দিয়ে দিতে হবে। দেখতে অনেকটা ডিম পোচের মতো হবে। 

নরম ডিম আর টমেটোর এই মিশ্রণটি খাওয়া হয় পাউরুটি বা রুটি ডুবিয়ে। চাইলে নান বা পরোটা দিয়েও খাওয়া যেতে পারে।

ফো: ভিয়েতনামের জনপ্রিয় পদ এটি। ফো তৈরিতে ব্যবহার করা হয় মাংসের স্টক। সঙ্গে চাই সবজি, রকমারি মশলা। কড়াইতে পানি দিয়ে তার মধ্যে মশলা, সবজি ও মাংস সেদ্ধ করে নেওয়া হয়। এরপর বাটিতে সেদ্ধ করা নুডলস, পেঁয়াজপাতা কুচি দিয়ে সেদ্ধ করা মাংস কুচিয়ে দেওয়া হয়। সব শেষে স্টকটি মিশিয়ে তা পরিবেশন করা হয়। পদটি কিছুটা তিব্বতি থুকপার মতো।

পুষ্টিবিদদের মতে, সকালের খাবারে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন ও খনিজ থাকা উচিত। সেক্ষেত্রে এই খাবারগুলো একদম উপযুক্ত। 

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!