ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

ভিটামিন সি সিরাম এখন বাড়িতেই তৈরি করতে পারেন 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৫:২১, ১৭ এপ্রিল ২০২৬
ভিটামিন সি সিরাম এখন বাড়িতেই তৈরি করতে পারেন 
ছবি: অন্তর্জাল

ত্বকের যত্নে ভিটামিন সি সিরাম বর্তমান সময়ে বেশ জনপ্রিয় একটি উপাদান। বাজারে পাওয়া বিভিন্ন ব্র্যান্ডের সিরাম ত্বক উজ্জ্বল করা, দাগ কমানো এবং বয়সের ছাপ দূর করে দেয়। তবে এসব সিরামের দাম অনেক বেশি থাকে, যা সবার পক্ষে নিয়মিত ব্যবহার করা কঠিন। তার ওপর অনেকের ত্বকে এসব পণ্যের রাসায়নিক উপাদান মানিয়ে নিতে সমস্যা হয়।

কিন্তু অবাক করার মতো বিষয় হলো, ঘরে বসেই ভিটামিন সি তৈরি করা সম্ভব। ঘরোয়াভাবে তৈরি সেটিই হতে পারে কার্যকর প্রাকৃতিক স্কিনকেয়ার উপাদান।

কেন কমলালেবুর খোসা উপকারী
কমলালেবুর খোসা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এতে প্রাকৃতিকভাবে ভিটামিন সি থাকে, যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবং কালচে দাগ কমাতে ভূমিকা রাখে।

Advertisement

এছাড়া খোসার মধ্যে থাকা উপাদান ত্বকের বার্ধক্যের লক্ষণ কমাতে সাহায্য করে। সূর্যের ক্ষতিকর প্রভাব, দূষণ বা স্ট্রেসের কারণে ত্বকে যে ক্ষতি হয়, তা প্রতিরোধ করতেও এই প্রাকৃতিক উপাদান বেশ সাহায্য করবে। এছাড়া এটি সম্পূর্ণ প্রাকৃতিক হওয়ায় ত্বকের ওপর পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকিও তুলনামূলক কম।

ঘরেই সিরাম তৈরির সহজ পদ্ধতি
প্রথমে ২ থেকে ৩টি তাজা কমলার খোসা ভালো করে ধুয়ে নিন। চাইলে এগুলো হালকা রোদে শুকিয়ে নিতে পারেন, তবে তাজা খোসাও ব্যবহার করা যায়। এরপর এই খোসাগুলো ছোট ছোট করে কেটে নিন।এর সঙ্গে ১ চা চামচ গোলাপ জল মিশিয়ে নিন, যা ত্বককে সতেজ রাখতে সাহায্য করবে। এবার খোসাগুলোকে খুব মিহি করে বেটে বা ব্লেন্ড করে নিন। মিশ্রণটি তৈরি হয়ে গেলে একটি পরিষ্কার সুতি কাপড় বা ছাঁকনির সাহায্যে রস আলাদা করে নিন। এই রসই মূলত আপনার সিরামের বেস।

এবার এই রসের সঙ্গে ২ চা চামচ গ্লিসারিন মেশান, যা ত্বককে আর্দ্র রাখবে। পাশাপাশি ২টি ভিটামিন ই ক্যাপসুলের তেল যোগ করুন, যা ত্বককে পুষ্টি জোগায় এবং মসৃণ করে। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে একটি গাঢ় রঙের কাঁচের বোতলে সংরক্ষণ করুন, যাতে উপাদানের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে।

ব্যবহারের সঠিক নিয়ম
এই সিরাম ব্যবহারের আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ৩-৪ ফোঁটা সিরাম মুখে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। রাতের সময় ত্বক বিশ্রামে থাকে এবং তখন স্কিনকেয়ার পণ্য সবচেয়ে ভালোভাবে কাজ করে। নিয়মিত ব্যবহারে ত্বক ধীরে ধীরে উজ্জ্বল ও মসৃণ হয়ে উঠতে পারে।

কিছু সতর্কতা
যদিও এটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তবুও সবার ত্বকের জন্য উপকারী নাও হতে পারে। তাই প্রথমবার ব্যবহারের আগে হাতে বা কানের পেছনে অল্প পরিমাণ লাগিয়ে দেখে নেওয়া ভালো। কোনো ধরনের জ্বালাপোড়া বা অ্যালার্জি হলে ব্যবহার বন্ধ করুন।

এছাড়া এই সিরাম দীর্ঘদিন সংরক্ষণ না করে অল্প পরিমাণে তৈরি করে ব্যবহার করাই ভালো, যাতে এর কার্যকারিতা বজায় থাকে। ত্বকের যত্নে সবসময় দামি পণ্যের উপর নির্ভর না করেও ঘরের সাধারণ উপকরণ দিয়েও স্কিনকেয়ার সম্ভব।

সূত্র: বি বিউটিফুল হিন্দুস্তান টাইমস, হেলথশটস

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!