ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বাজার দর ]

বাজারে সবজির চড়া দাম

নিজস্ব প্রতি‌বেদক
প্রকাশিত: ১৪:৪৫, ১৭ জুলাই ২০২৪
বাজারে সবজির চড়া দাম
ছবি: ডেইলি বাংলাদেশ

গত কয়েকদিনে দ্বিগুণ হয়েছে কোনো কোনো সবজির দাম। হাতেগোনা তিন-চারটা ছাড়া বেশিরভাগ সবজির দাম এখন ১০০ টাকার আশেপাশে।

বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে। ব্যবসায়ীরা বলছে, সম্পতি টানা বৃষ্টিতে উৎপাদন এলাকাগুলোর ক্ষেতে পানি জমে অনেক সবজি গাছ মারা গেছে। এছাড়া গত কয়েকদিন ছাত্রদের আন্দোলনে বিভিন্ন মহাসড়কে যান চলাচল সীমিত থাকায় সরবরাহ কমে গেছে। এ জন্য সবজির দাম বাড়ছে।

গত বুধবার ঢাকার বিভিন্ন খুচরা বাজার ঢ্যাঁড়সের কেজি বিক্রি হয় ৪০ টাকার আশপাশে। আজ কারওয়ান বাজারে প্রতি কেজি ঢ্যাঁড়স বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকা দরে। সে হিসাবে ৫ দিনে প্রায় দ্বিগুণ হয়েছে সবজিটির দাম।

এমন বেশ কয়েকটি সবজির বিক্রি হচ্ছে দ্বিগুণের কাছাকাছি দরে। গত শুক্রবার উচ্ছের কেজি বিক্রি হয় ৮০ থেকে ৯০ টাকায়। বুধবার সবজিটির দর ছুঁয়েছে ১৪০ টাকা।

বাজারে এখন প্রতিকেজি বরবটি ও কচুরমুখী ১০০ থেকে ১১০, বেগুন ১০০ থেকে ১২০, কাঁকরোল ৯০ থেকে ১০০, গাজর ২০০ থেকে ২২০ টাকা, ফুলকপি দাম ১০০ টাকায় বিক্রি হচ্ছে। গাজরের কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা। টমেটোর কেজি কিনতে খরচ হবে ১৮০ থেকে ২২০ টাকা।

চিচিঙ্গা, ধুন্দল ও ঝিঙ্গার কেজি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। সপ্তাহখানেক আগে সবজি তিনটি বিক্রি হয় যথাক্রমে ৪০ থেকে ৪৫ ও ৫০ থেকে ৬০ টাকা দরে। কিছুটা কমে মিলছে পোটল ও পেঁপে। তারপরও সবজি দুটি কিনতে ক্রেতাদের কেজিতে গুনতে হবে ৬০ থেকে ৮০ টাকা। ছোট আকারের একটি লাউয়ের দাম রাখা হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা।

এদিকে সবজির পাশাপাশি স্বস্তি মিলছে না আলু, পেঁয়াজের দামেও। নতুন করে এ দুটি পণ্যের দাম না বাড়লেও আগে থেকেই চড়া। আলুর কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা। পেঁয়াজের কিজি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা।

মুরগির বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা। সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকা।

ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা। রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৫০০ টাকা। তেলাপিয়া, পাঙাশ ও চাষের কই মাছের কেজি ২০০ টাকার নিচে মিলছে না। পাবদা মাছের কেজি ৪০০ থেকে ৫০০ টাকা বিক্রি হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!