সবজি সরবরাহে সংকট, আরো বাড়ল দাম
দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে বাজারে নিত্যপণ্যের সরবরাহ কমেছে। তাই চাহিদার তুলনায় যোগান কম থাকায় কোনো কোনো পণ্যের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে।
রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার, এয়ারপোর্টের মুক্তিযোদ্ধা মার্কেট বাজার ও মিরপুরের বেশ কয়েকটি বাজার ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
তারা বলছেন, বাজারে নিত্যপণ্যের সরবরাহ কম থাকায় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। তেমনি বেচাবিক্রি কমে যাওয়াও বিক্রেতারাও পড়েছেন সংকটে।
বাজার ঘুরে দেখা গেছে, সারাদেশে কারফিউ জারির আগে প্রতিকেজি বেগুন বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ টাকা। বর্তমানে প্রতিকেজি বেগুন (লম্বা) মানভেদে ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আগে প্রতিকেজি ধুন্দুল ৪০ টাকা বিক্রি হলেও এখন ৩০ টাকা বেড়ে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কারফিউয়ের আগে প্রতিকেজি ঝিঙা ৫০ টাকা কেজিতে বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে ৮০ টাকা।
এছাড়া প্রতিকেজি করলা ৮০ টাকা বেড়ে আজ বিক্রি হচ্ছে ১৪০ টাকা। ১৬০ টাকা থেকে বেড়ে প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ২০০ টাকা। ৫০ টাকা কেজির শসা ও পটল বিক্রি হচ্ছে ৬০ টাকা। ৫০ টাকা কেজি দরের চিচিঙ্গা দাম বেড়ে বিক্রি হচ্ছে ৭০ টাকায়। এছাড়া ৪০ টাকা কেজির ঢেঁড়স বেড়ে ৬০ টাকা, ৬০ টাকার মুলা বেড়ে ৮০ টাকা, ৬০ টাকার বরবটি বেড়ে ১০০ টাকা, ১৬০ টাকার গাজর বেড়ে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে কাঁচামরিচের দাম আজ কিছুটা কমেছে। কারফিউয়ের আগে বাজারে প্রতি ২৫০ গ্রাম মরিচ ১০০ টাকায় বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে ৭০ টাকায়।
লাউশাক প্রতি আঁটি ৫০ টাকা, ডাটা শাক ৩০ টাকা, কলমি শাক ১৫ টাকা, লালশাক ২০ টাকা, মুলাশাক ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে কারফিউয়ের আগে এসব শাকের দাম আঁটিপ্রতি ৫ থেকে ১০ টাকা কম ছিল।
উত্তরা আজমপুর কাঁচাবাজারের ব্যবসায়ী ফরিদ মিয়া বলেন, উত্তরার কামারপাড়ার আড়তে মাল নেই। সারাদেশ থেকে সবজি আসতে না পারায় সংকট দেখা দিয়েছে। এ সুযোগে পাইকারি বিক্রেতারা প্রতিটি সবজির পাল্লা (৫ কেজি) বেশি দামে বিক্রি করছেন। ফলে বাধ্য হয়েই আমরা বেশি দামে বিক্রি করছি।
তিনি বলেন, অতিরিক্ত দামের কারণে অনেক ক্রেতাই দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছেন। অনেকেই আবার চাহিদার তুলনায় অল্প পরিমাণে সবজি কিনে বাসায় ফিরছেন।
সজিবুল আলম নামের একজন ক্রেতা বলেন, বাজারে সব জিনিসে যেন আগুন লেগেছে। মানুষ যে একটু সবজি খাবে, সে উপায়ও নেই। আশা করছি, পরিস্থিতি ও সবকিছুর দাম দ্রুতই স্বাভাবিক হোক।