ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বাজার দর ]

কমেনি আলু-পেঁয়াজের দাম, ডিমের ডজন ১৪০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৭, ১ আগস্ট ২০২৪
কমেনি আলু-পেঁয়াজের দাম, ডিমের ডজন ১৪০
ফাইল ফটো

রাজধানীসহ সারাদেশের বাজারে ডিম-সবজিসহ অধিকাংশ পণ্যের দাম আগের চেয়ে কমেছে। তবে আগের দামেই বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ। ব্যবসায়ীরা জানান, আড়তদার ও পাইকাররা এখনো আলু-পেঁয়াজের দাম বেশি নিচ্ছেন। এজন্য খুচরা পর্যায়েও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।

বৃহস্পতিবার কারওয়ান বাজার, মোহাম্মদপুর, রামপুরা, মিরপুরসহ বেশ কয়েকটি পাইকারি ও খুচরা বাজার ঘুরে ও ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

সরেজমিন দেখা গেছে, খুচরা বাজারে ডিমের দাম ২০-৩০ টাকা কমেছে। বর্তমানে ১৪০ টাকায় বিক্রি হওয়া ডিমের ডজন এক সপ্তাহ আগেও বাজারভেদে ১৬০-১৭০ টাকা ছিল। এছাড়া সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় দাম কমেছে কাঁচামরিচসহ সব ধরনের সবজির। চিচিঙ্গা, পটোল ও ঢ্যাঁড়শ বিক্রি হয়েছে ৫০ থেকে ৭০ টাকা কেজি। সপ্তাহখানেক আগে এসব সবজি কিনতে ক্রেতাকে গুনতে হয় বাজারভেদে ৮০ থেকে ১০০ টাকা। একইভাবে ১৩০ থেকে ১৫০ টাকা কেজিতে বিক্রি হওয়া বেগুন ও বরবটির কেজি এখন ৬০ থেকে ৮০ টাকা। করলার কেজি ৫০ টাকার মতো কমে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।

Advertisement

অন্য সবজির দরও কেজিতে ৩০ থেকে ৫০ টাকা কমেছে। মরিচের দরও নেমেছে স্বাভাবিক পর্যায়ে; কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়।

বাজারে সরবরাহ বাড়ায় মুরগির দামও কমেছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৮০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে, সব ধরনের সবজির সরবরাহ বৃদ্ধি ও দাম কমলেও বেশ কয়েকদিন ধরেই বাজারে আলু প্রতি কেজি ৫৫-৬৫ টাকা, পেঁয়াজ ১২০-১৩০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বৃদ্ধির তালিকায় রয়েছে আদা-রসুনসহ বিভিন্ন ধরনের মসলাও। বাজারে প্রতি কেজি দেশি রসুন ২০০ টাকা, চায়না রসুন ১৮০ টাকা, চায়না আদা ৩০০ টাকা, ভারতীয় আদা ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!