সাহেদের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে চার ব্যাংকে দুদকের চিঠি
রিজেন্টের আট প্রতিষ্ঠান ও সাহেদের নিজের নামের ব্যাংক হিসাবের নথি তলব করে ডাচবাংলা ব্যাংকসহ চারটি বেসরকারি ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থার উপ-পরিচালক আবু বকর সিদ্দিকের সই করা এ চিঠি পাঠানো হয়।
ডাচ বাংলা ব্যাংক ছাড়াও ব্যাংক এশিয়া, পদ্মা ব্যাংক এবং এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের কাছে দেয়া চিঠিতে ২০ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট নথি সরবরাহ করতে বলা হয়।
.png)
এ চিঠিতে, ওইসব ব্যাংক থেকে সাহেদ ও তার প্রতিষ্ঠানের হিসাব খোলার আবেদনপত্র, হিসাব বিবরণী, ঋণ গ্রহণের আবেদনসহ আনুষঙ্গিক অন্যান্য রেকর্ডপত্রের সত্যায়িত কপি চাওয়া হয়েছে।
এর আগে গত সোমবার মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে অনুসন্ধানে তিন সদস্যের একটি টিম গঠন করে দুদক। উপ-পরিচালক মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে টিমের অপর দুই সদস্য হলেন- সহকারী পরিচালক মো. নেয়ামুল হাসান গাজী ও শেখ মো. গোলাম মাওলা।
করোনাভাইরাসের পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট দেয়া, সরকারের কাছে বিল দেয়ার পর আবার রোগীর কাছ থেকেও অর্থ নেয়াসহ রিজেন্ট হাসপাতালে নানা অনিয়মের খবর সম্প্রতি প্রকাশ হয় র্যাবের অভিযানের মাধ্যমে।
গত সপ্তাহে ওই অভিযানের পর রিজেন্টের দুটি হাসপাতাল বন্ধ করে দেয় র্যাব। ওই হাসপাতালের অনুমোদনও বাতিল করা হয়েছে।
এ ঘটনায় করা মামলায় বুধবার সকালে সাতক্ষীরা দেবহাটা সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র্যাব। এছাড়া হাসপাতালের আরো নয়জন কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে।