ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সিনহা হত্যা; প্রদীপ-লিয়াকতকে জিজ্ঞাসাবাদ করছে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪০, ১৭ আগস্ট ২০২০
সিনহা হত্যা; প্রদীপ-লিয়াকতকে জিজ্ঞাসাবাদ করছে তদন্ত কমিটি
ফাইল ছবি

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান তিন আসামিকে কক্সবাজার জেলা কারাগারের ভেতর জিজ্ঞাসাবাদ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।

সোমবার সকালে এ জিজ্ঞাসাবাদ শুরু হয়। কক্সবাজার জেলা কারাগারের সুপার মো. মোকাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির চার সদস্য সোমবার সকাল ১১টায় জেলা কারাগারে পৌঁছান। পরে তারা টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী ও উপপরিদর্শক নন্দদুলাল রক্ষিতকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

Advertisement

প্রসঙ্গত, গত ৩ জুলাই ভ্রমণবিষয়ক তথ্যচিত্র ধারণের কাজে কক্সবাজার যান অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর ৩১ জুলাই রাতে টেকনাফের পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন তিনি।

এ ঘটনায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

গতকাল রোববার টেকনাফের বাহারছড়া ইউপির শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জের কার্যালয়ে গণশুনানি শেষে তিনি বলেন, আগামী ২৩ আগস্টের মধ্যে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

মোহাম্মদ মিজানুর রহমান আরো বলেন, এই ঘটনায় এ পর্যন্ত ৬০ জনের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। রোববার (গতকাল) ১১ জনের জবানবন্দি রেকর্ড করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!