ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

জাতিসংঘের নারী নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হলেন রাবাব ফাতিমা

নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৮, ১২ জানুয়ারি ২০২২
জাতিসংঘের নারী নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হলেন রাবাব ফাতিমা
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা- ফাইল ফটো

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ২০২২ সালের জন্য সর্বসম্মতিক্রমে জাতিসংঘের নারী নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সদর দফতরে সংস্থাটির ৫ সদস্য বিশিষ্ট ব্যুরোর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত আর্জেন্টিনা, ইউক্রেন, আইসল্যান্ড এবং সিয়েরালিওনের স্থায়ী প্রতিনিধিরা।

এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো জাতিসংঘের নারী নির্বাহী বোর্ডের সভাপতির দায়িত্ব গ্রহণ করল। নির্বাহী বোর্ড ইউএন উইমেনকে কৌশলগত দিক-নির্দেশনা প্রদান করে থাকে। জাতিসংঘের এই সংস্থাটি লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের জন্য নিবেদিত। বোর্ডের সভাপতি হিসেবে বাংলাদেশ ইউএন উইমেনের কাজকে আরো বেগবান করতে অবদান রাখার সুযোগ পাবে।

Advertisement

উদ্বোধনী বক্তব্যে রাষ্ট্রদূত ফাতিমা তাকে নির্বাচিত করার জন্য বোর্ড-সদস্যদের ধন্যবাদ জানান। সারাবিশ্বে, বিশেষ করে কোভিড-১৯ মহামারির এই সময়ে নারী ও মেয়েরা যেসব চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে তা মোকাবিলায় ইউএন উইমেন এর বোর্ড সদস্যরা বাংলাদেশের নেতৃত্বের প্রতি যে আস্থা রেখেছেন সে জন্যও তাদের ধন্যবাদ জানান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।

রাষ্ট্রদূত ফাতিমা বলেন, এক মুহূর্ত বিলম্ব করার মতো সময় আমাদের হাতে নেই। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে, কোভিড এর পুনরুদ্ধারের পরিকল্পনায়ই লিঙ্গ সমতা নিশ্চিত করা হয়েছে। সব অংশীজন অর্থাৎ সরকারি, বেসরকারি খাত ও এনজিওগুলো তা বাস্তবায়নে একসঙ্গে কাজ করছে। এছাড়া ইউএন উইমেনকে আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান ও সম্পদ সরবরাহ করতে হবে, যেন প্রতিষ্ঠানটি চ্যালেঞ্জ মোকাবিলার সব প্রচেষ্টায় অগ্রভাগে থাকতে পারে।

রাষ্ট্রদূত ফাতিমা আশ্বস্ত করেন, নতুন নির্বাহী বোর্ড চ্যালেঞ্জিং এই সময়ে ইউএন উইমেন এর কাজকে আরো এগিয়ে নিতে কঠোর পরিশ্রম করতে প্রতিশ্রুতিবদ্ধ।

লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য অবদান রাখা এবং নারীদের জন্য নিবেদিত বিশ্বের শীর্ষ স্থানীয় ও চ্যাম্পিয়ন প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হওয়ার জন্য ইউএন উইমেনের প্রশংসা করেন এবং এর কাজের স্বীকৃতি প্রদান করেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।

তিনি বিশ্বব্যাপী কর্মরত ইউএন উইমেনের সকল কর্মীদের প্রতি শ্রদ্ধা জানান। বলেন যে, তারা মহামারির এই চ্যালেঞ্জের মধ্যেও নিষ্ঠা, একাগ্রতা ও সাহসের সঙ্গে তাদের ওপর অর্পিত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন।

ইউএন উইমেন এর নির্বাহী পরিচালক রাষ্ট্রদূত সিমা বাহাউস নবনির্বাচিত সভাপতিকে স্বাগত জানান।

তিনি বলেন, নতুন সভাপতির অভিজ্ঞতা ও প্রজ্ঞা থেকে উপকৃত হওয়ার জন্য উন্মুখ হয়ে আছে ইউএন উইমেন। 

এর আগে, রাষ্ট্রদূত ফাতিমা ২০২০ সালে ইউনিসেফ নির্বাহী বোর্ডের সভাপতি এবং ২০২১ সালে ইউএনডিপি, ইউএনএফপি ও এইউএনওপিএস এর এক্সিকিউটিভ বোর্ডের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে/এমএস/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!