শীতের বিকেলে ঢাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি
শীতের বিকেলে রাজধানীতে হঠাৎ করেই বৃষ্টি। শুধু ঢাকাই নয় পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমেছে, এতে বেড়ে গেছে শীতের অনুভূতি।
আবহাওয়া অফিস বলছে, ঘন কুয়াশা এবং মেঘের কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। আগামী দু’দিনে পরিস্থিতির উন্নতি হতে পারে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ অবস্থান করছে বিহার এবং তৎসংলগ্ন এলাকায়। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।
এ অবস্থায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় হালকা-গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানায়, বুধবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর নাগাদ অব্যাহত থাকবে।