ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাঘের মেঘলা আকাশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৩, ২৪ জানুয়ারি ২০২২
মাঘের মেঘলা আকাশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
চট্টগ্রাম নগরসহ আশপাশের বিভিন্ন উপজেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ছবি: ডেইলি বাংলাদেশ

কথায় আছে ‘মাঘের শীতে বাঘে পালায়’। বলা হয়, কুয়াশার চাদর আর হাড়কাঁপানো শীতের মাস ‘মাঘ’। এ মাঘকে নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ‘পুরানো শীত পাতা-ঝরা, তারে এমন নূতন করা/মাঘ মরিল ফাগুন হয়ে খেয়ে ফুলের মার গো’। 

‘মাঘ’ নিয়ে লিখা ‘মাঘ সংক্রান্তির রাতে’ নামে কবিতায় কবি জীবনানদ দাশ লিখেছেন, ‘হে পাবক, অনন্ত নক্ষত্রবীথি তুমি, অন্ধকারে/তোমার পবিত্র অগ্নিজ্বলে/অমাময়ী নিশি যদি সৃজনের শেষ কথা হয়/আর তার প্রতিবিম্ব হয় যদি মানব-হৃদয়’...।

দিনপঞ্জির হিসেবে আজ সোমবার, মাঘ মাসের ১০ তারিখ। এদিন ভোর থেকে চট্টগ্রাম নগরসহ আশপাশের বিভিন্ন উপজেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। এর ফলে বেড়েছে শীতের তীব্রতা। আকাশ রয়েছে মেঘলা। তবে লঘুচাপের প্রভাবে আকাশ আরো একদিন মেঘাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  

Advertisement

পতেঙ্গা আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় দশমিক এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ অবস্থা মঙ্গলবারও থাকতে পারে। এর প্রভাবে রাতের দিকে তাপমাত্র স্বাভাবিকের তুলনায় আরো দুই-তিন ডিগ্রী হ্রাস পেতে পারে। এছাড়া আকাশে মেঘমালা কেটে গেলে হিমেল বাতাসে শীতের তীব্রতা আরো বাড়তে পারে।

বাংলাদেশের উত্তরে হিমালয় পর্বতমালা। সেখান থেকে বরফশীতল বায়ু এ দেশের ওপর দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়। আসে সাইবেরীয় ঠান্ডাও। আবহাওয়ার আকস্মিক পরিবর্তনের কারণে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল থেকে যে ঠান্ডা বাতাসের প্রবল প্রবাহ সৃষ্টি হয়; তাই  শৈত্যপ্রবাহ । এ কারণেই মাঘের শীত ভয়াবহ।

এদিকে, সকাল থেকে এমন গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দুর্ভোগে পড়েন অফিসগামীসহ নানা কাজে রাস্তায় বের হওয়া মানুষ। সঙ্গে ছাতা না থাকায় অনেকে ভেজা কাক হয়ে ছুটেন গন্তব্যে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!