ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

বইমেলায় প্রবেশে লাগবে টিকা সনদ

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৫:২৭, ১০ ফেব্রুয়ারি ২০২২
বইমেলায় প্রবেশে লাগবে টিকা সনদ
ফাইল ফটো

অমর একুশে বইমেলায় প্রবেশ করতে করোনাভাইরাস প্রতিরোধী টিকা গ্রহণের সনদ প্রদর্শন করতে হবে। টিকা সনদ প্রদর্শন শর্তেই কেবল মেলায় ঢোকা যাবে।

বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশে করোনাভাইরাস শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় আপাতত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অমর একুশে বইমেলা চলবে। তবে করোনা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে পরবর্তীতে বইমেলার সময় বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে।

বইমেলা প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে। তবে দর্শনার্থীরা রাত সাড়ে আটটা পর্যন্ত মেলায় প্রবেশ করতে পারবেন এবং রাত ৯টায় মেলার আলোকবাতি বন্ধ করা হবে। সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারসহ অন্যান্য সরকারি ছুটির দিনে মেলা সকাল ১১টা এবং ২১ ফেব্রুয়ারি মেলা সকাল ৮টা থেকে শুরু হয়ে রাতে একই সময়ে শেষ হবে।

এবার বইমেলায় দৃষ্টিনন্দন শিশু কর্নার স্থাপন করা হবে। তাছাড়া বইমেলায় যাতে কেউ পাইরেটেড বই বিক্রি করতে না পারে, সেজন্য এ সংক্রান্ত একটি টাস্কফোর্স সক্রিয় থাকবে। করোনার কারণে প্রকাশকরা যাতে ক্ষতির মুখে না পড়েন, সেজন্য বাংলা একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপও নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!