ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বইমেলায় প্রাণের স্পন্দন বাড়বে: চসিক মেয়র

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৯, ২৮ জানুয়ারি ২০২২
বইমেলায় প্রাণের স্পন্দন বাড়বে: চসিক মেয়র
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কার্যালয়ের ‘অমর একুশে বইমেলা-২০২২’ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, বইমেলা হলো বইকে ঘিরে লেখক ও পাঠকের মিলনমেলা। গ্রন্থমেলা নিয়ে গ্রন্থপ্রেমী মানুষের মধ্যে আগ্রহ রয়েছে। এছাড়া করোনার কারণে মানুষ বাসায় থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে। তারা সুযোগ পেলেই বাইরে আসছে। সুতরাং বইমেলা শুরু হলে মানুষের প্রাণের স্পন্দন বাড়বে।

বৃহস্পতিবার নগরীর টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘অমর একুশে বইমেলা-২০২২’ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, আগের বছর প্রস্তুতি থাকা সত্ত্বেও করোনার কারণে অমর একুশে বইমেলা আয়োজন করা হয়নি। এবার সব প্রস্তুতি সম্পন্ন করে আগামী ১৭ ফেব্রুয়ারি চট্টগ্রামে বইমেলা শুরু করার সিদ্ধান্ত হয়েছে। আগের বইমেলায় অংশ নেয়া ১৩৮টি প্রকাশনী সংস্থা এবারও অংশ নেবে। তবে পরিস্থিতি বিবেচনায় সরকারের সিদ্ধান্তের আলোকে সার্বিক ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

তিনি আরো বলেন, চট্টগ্রাম সবসময় নানাক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। অনেক গৌরব-গাথায় সমৃদ্ধ চট্টগ্রামের ইতিহাস। এ ইতিহাসকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে যেন বইমেলায় ক্রেতা ও পাঠকরা আসতে পারেন সে প্রস্তুতি নিয়েছে চসিক। 

মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে না, তাদের প্রকাশিত বই মেলায় যেন স্থান না পায়; সে ব্যাপারে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন মেয়র।

সভায় বক্তব্য দেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, সমাজকল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি আবদুস সালাম মাসুম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, প্রাবন্ধিক জামাল উদ্দিন, কবি ওমর কায়সার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!