দেশপ্রেম ও সেবার মানসিকতা নিয়ে কাজের আহ্বান আইজিপির
দেশপ্রেম ও সেবার মানসিকতা নিয়ে কাজ করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
বুধবার পুলিশ সদর দফতর থেকে এআইজি (মিডিয়া) মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এর আগে, ঈদের দিন মঙ্গলবার (৩ মে) সন্ধ্যায় রাজধানীর মিন্টু রোডস্থ পুলিশ ভবনে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় এ আহ্বান জানান তিনি।
.png)
আইজিপি বলেন, আমরা সবাই যদি পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারতাম তাহলে ভালো হতো। কিন্তু দেশের জনগণের ঈদ উদযাপন নির্বিঘ্ন করার জন্য আমরা পরিবারের সঙ্গে ঈদ করতে পারিনি। এই চ্যালেঞ্জ নিয়েই আমরা চাকরিতে এসেছি। আমাদের চাকরিটা শুধু চাকরি নয়। এ জন্য এবারের কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর নিয়োগে আমাদের ট্যাগলাইন হলো ‘চাকরি নয়, সেবা।’
ঈদ উদযাপনে সন্তোষ প্রকাশ করে আইজিপি বলেন, এবারের ঈদযাত্রা ভালো ছিল, তেমন কোনো সমস্যা হয়নি। এ জন্য হাইওয়ে, শিল্প ও জেলা পুলিশসহ অন্যান্য ইউনিটের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।