ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ আইজিপির

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ২১:৩১, ২১ এপ্রিল ২০২২
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ আইজিপির
পুলিশ সদর দফতরের সম্মেলনকক্ষে সব মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলার পুলিশ সুপার এবং বিশেষায়িত ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ- ছ

ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে মাঠপর্যায়ে পুলিশ কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার পুলিশ সদর দফতরের সম্মেলনকক্ষে সব মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলার পুলিশ সুপার এবং বিশেষায়িত ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় তিনি এ নির্দেশনা দেন।

দেশ ও জনগণের সেবায় পুলিশ কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, পুলিশের প্রতিটি ইউনিটের মধ্যে সমন্বয়ের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 

Advertisement

এক্ষেত্রে তিনি বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেন।

ঈদযাত্রায় কেউ কোনো সমস্যায় পড়লে তাকে সহযোগিতা করতে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান আইজিপি। ঈদকে কেন্দ্র করে বিশেষায়িত নৌ পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ইউনিটকে নিজ নিজ অধিক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

বড়ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে পুলিশের সহযোগিতা নেয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান আইজিপি। 

সভায় জীবনের ঝুঁকি নিয়ে বাস ও ট্রেনের ছাদে এবং নৌযানে অতিরিক্ত যাত্রী হয়ে ভ্রমণ না করার জন্য যাত্রী সাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে এ সংক্রান্ত সরকার এবং পুলিশের নির্দেশনা মেনে চলার কথা বলেন আইজিপি।

সভায় এআইজি (অপারেশন্স) মোহাম্মদ এহসান সাত্তার আসন্ন ঈদকে কেন্দ্র করে শপিংমল, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বাস ও লঞ্চ টার্মিনাল, রেলস্টেশন, ঈদ জামাত, বিনোদন কেন্দ্র কেন্দ্রিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং ফোর্সের কল্যাণ সংক্রান্ত সার্বিক আইনশৃঙ্খলার বিষয় তুলে ধরেন।  

এ সময় শপিংমল, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কেন্দ্রিক নিরাপত্তায় পোশাকধারী পুলিশের পাশাপাশি নারী পুলিশ ও সাদা পোশাকে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত গৃহীত হয়। বড় ধরনের আর্থিক লেনদেন বা অর্থ পরিবহনের ক্ষেত্রে মানি এস্কর্ট প্রদানের সিদ্ধান্ত হয়। জাতীয় ঈদগাহসহ দেশের প্রধান প্রধান ঈদ জামাতস্থলের নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্তও নেয়া হয়েছে।

সভায় অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজি এম খুরশীদ হোসেন, ডিআইজি ওয়াই এম বেলালুর রহমান, ডিআইজি মো. হায়দার আলী খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আইজিপি
লিংক সফলভাবে কপি হয়েছে!