ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

মৎস্য আহরণ নিষিদ্ধের সময় জেলেদের জন্য ৯৯৮ টন ভিজিএফের চাল বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৩, ৫ মে ২০২২
মৎস্য আহরণ নিষিদ্ধের সময় জেলেদের জন্য ৯৯৮ টন ভিজিএফের চাল বরাদ্দ
ফাইল ফটো

২০২১-২২ অর্থবছরে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ নিষিদ্ধের সময় ২৪ হাজার ৯৫৩টি জেলে পরিবারের জন্য ৯৯৮ দশমিক ১২ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ করেছে সরকার।

সরকারের মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় কাপ্তাই হ্রদ তীরবর্তী রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার ১০টি উপজেলার জেলেদের জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে। এর আওতায় প্রতিটি জেলে পরিবারকে মাসিক ২০ কেজি হারে মে-জুন দুই মাসের জন্য মোট ৪০ কেজি ভিজিএফের চাল প্রদান করা হবে।

গত ২৮ এপ্রিল (মঙ্গলবার) সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে এ সংক্রান্ত মঞ্জুরি আদেশ জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

Advertisement

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভিজিএফের চাল ১০ জুন ২০২২ তারিখের মধ্যে উত্তোলন ও জেলেদের মাঝে বিতরণ সম্পন্ন করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। শুধু কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে বিরত থাকা নিবন্ধিত ও কার্ডধারী জেলেদের মধ্যে এ চাল বিতরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ভিজিএফের চাল বরাদ্দপ্রাপ্ত ১০টি উপজেলা হলো- রাঙ্গামাটি জেলার সদর, লংগদু, বাঘাইছড়ি, নানিয়ারচর, কাপ্তাই, বিলাইছড়ি, জুরাছড়ি ও বরকল এবং খাগড়াছড়ি জেলার মহালছড়ি ও দীঘিনালা।

উল্লেখ্য, কার্প ও অন্যান্য দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর মে থেকে জুলাই মাস পর্যন্ত তিন মাস কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকে। এ বছর এরই মধ্যে ১ মে থেকে তিন মাসের জন্য এ হ্রদের সব প্রকার মাছ আহরণ, বাজারজাতকরণ ও পরিবহন নিষিদ্ধ করেছে স্থানীয় জেলা প্রশাসন। মাছ ধরা নিষিদ্ধের সময় কাপ্তাই হ্রদে নৌ পুলিশ অভিযান পরিচালনা করবে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!