ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
রূপপুর এনপিপির আউটার কন্টেইনমেন্ট ডোম স্থাপন অক্টোবরে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) প্রথম ইউনিটে আউটার কন্টেইনমেন্ট ডোমের প্রাক-সংযোজন কাজ শুরু হয়েছে। আগামী অক্টোবর মাসে এই ডোমের সংযোজন এবং স্থাপন করা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন (রোসাটম) প্রকৌশল শাখার অঙ্গ প্রতিষ্ঠান ট্রেস্ট রসেম ডোম স্থাপনের কাজ করছে।
সোমবার রোসাটমের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷
এটমস্ত্রয়এক্সপোর্ট (এএসই) ভাইস প্রেসিডেন্ট ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি দেইরি এ প্রসঙ্গে জানান, বিদ্যুৎ ইউনিট নির্মাণে আউটার কন্টেইনমেন্ট ডোম স্থাপন সিভিল ওয়ার্কের চূড়ান্ত ধাপ হিসেবে বিবেচিত হয়। এরপর স্বয়ংক্রিয় (প্যাসিভ) তাপ অপসারণ ব্যবস্থার কাঠামো ও যন্ত্রপাতি স্থাপন করা সম্ভব হয়ে থাকে, যা ফিজিক্যাল স্টার্ট-আপের জন্য গুরুত্বপূর্ণ।
আউটার কন্টেইনমেন্ট ডোম উপর এবং নিচ দু’টি অংশ নিয়ে গঠিত, যা নির্মাণকর্মীদের কাছে ‘হেড পিস’ এবং ‘স্কার্ট’ হিসেবে পরিচিত। নিচের অংশে থাকে ১২টি আলাদা সেগমেন্ট এবং কংক্রিট রেইনফোর্সমেন্টসহ প্রতিটির ওজন ১৮টন।
অন্যদিকে উপরের অংশটি ১৭টি সেগমেন্টে বিভক্ত। পুরো ডোমটির সংযোজন হবে মাটিতেই। উভয় অংশ ইন্সটলেশনের পর এর ওপর কংক্রিট ঢালাই সম্পন্ন করা হবে।
আউটার কন্টেইনমেন্ট ডোমের প্রস্তুতি, সংযোজন, ইন্সটলেশন এবং কংক্রিটিং এর জন্য সাধারণত প্রয়োজন হয় ১ হাজার ১৫১দিন, যা বিদ্যুৎ ইউনিট নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে দীর্ঘ সময়। তবে, এই সময়কাল ৫৮৪দিনে কমিয়ে আনার জন্য রূপপুর এনপিপিতে একটি বিশেষ আরপিএস প্রকল্পের অধীনে কাজ চলছে।
রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ এর ডিজাইন প্রণয়ন ও জেনারেল কন্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করছে।