ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

তপ্ত ঢাকায় শ্রাবণের প্রথম বৃষ্টিতে এক চিলতে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৪, ১৮ জুলাই ২০২২
তপ্ত ঢাকায় শ্রাবণের প্রথম বৃষ্টিতে এক চিলতে স্বস্তি
ফাইল ছবি

চলছে বর্ষাকাল, শ্রাবণের দ্বিতীয় দিন শেষ হয়ে তৃতীয় দিন আজ। তবুও বৃষ্টিহীন আবহাওয়া। তীব্র তাপদাহে অতিষ্ঠ দেশবাসী। অবশেষে গরমে হাঁসফাঁস ঢাকার জনজীবনে এক চিলতে স্বস্তি ফিরিয়ে দিলো শ্রাবণের প্রথম বৃষ্টি।

সোমবার সকাল সাতটায় আবহাওয়া অধিদফতর ঢাকা ও আশপাশের ছয় ঘণ্টার যে পূর্বাভাস দিয়েছিল, তাতেও বলা হয়েছিল, আবহাওয়া ‘প্রধানত শুষ্ক থাকতে পারে’। কিন্তু দুপুর প্রায় সাড়ে ১২টার দিকে রাজধানীবাসী পেল শ্রাবণ মাসের প্রথম বৃষ্টির দেখা। 

আবহাওয়া অধিদফতর বলছে, এতে কমবে তাপপ্রবাহ। রাজধানীবাসী কিছুটা স্বস্তি পেতে পারে। 

Advertisement

আবহাওয়া অধিদফতর জুলাই মাসের গোড়াতেই বলেছিল, এ মাসে বৃষ্টি অপেক্ষাকৃত কম হবে। এছাড়া দেশের কিছু স্থানে তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাসও দিয়েছিল। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা বৃষ্টিহীন ছিল কয়েক দিন। তীব্র গরম দেশের বিভিন্ন এলাকায়। 

আরো পড়ুন> আগামীকাল থেকে রুটিন মেপে লোডশেডিং

আবহাওয়া অধিদফতর গতকাল রোববার বলেছে, এমন তাপমাত্রা আরো অন্তত দুই দিন থাকবে। দুই দিন পর থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে। তখন তাপমাত্রা কমে আসবে। এটা ছিল সারা দেশের পূর্বাভাস। তবে এর আগেই আজ বৃষ্টির দেখা মিলল রাজধানীতে।

সকালের পূর্বাভাসে শুষ্ক থাকার কথা বলার পরও বৃষ্টি হলো কেন—জানতে চাইলে এর ব্যাখ্যা দিলেন অধিদফতরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান। তিনি বলেন, তিন মিলিমিটার বা এর কম বৃষ্টির সম্ভাবনা থাকলে সেটাকে প্রধানত শুষ্কই বলা হয়। আর আজ ঢাকা ও এর আশপাশে সর্বত্র বৃষ্টি হচ্ছে না। ঢাকার পূর্বাঞ্চলজুড়ে বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদফতরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারী ধরনের বর্ষণ হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: বৃষ্টি
লিংক সফলভাবে কপি হয়েছে!