ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ভোটকক্ষে সাংবাদিকদের অবস্থান নিয়ে যা জানাল ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৬, ২৪ ডিসেম্বর ২০২২
ভোটকক্ষে সাংবাদিকদের অবস্থান নিয়ে যা জানাল ইসি
ফাইল ফটো

রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে ভোটকেন্দ্র নয়, ভোটকক্ষে ১০ মিনিটের বেশি সময় থাকতে পারবেন না সাংবাদিকেরা। 

রসিক নির্বাচনে ভোটকেন্দ্রে সাংবাদিকদের অবস্থান করা নিয়ে জারিকৃত সংশোধিত পরিপত্রে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এ তথ্য জানিয়েছে। শনিবার সংশোধিত এ পরিপত্র জারি করা হয়।

Advertisement

এর আগে, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের জন্য ১৩টি নির্দেশনা দিয়ে ১৮ ডিসেম্বর পরিপত্র জারি করেছিল ইসি। 

এতে বলা হয়, ভোটকেন্দ্রে প্রবেশের পর প্রিসাইডিং কর্মকর্তাকে অবহিত করে তথ্য সংগ্রহ, ছবি তোলা ও ভিডিও ধারণ করতে পারবেন সাংবাদিকেরা। 

তবে দ্বিতীয় নির্দেশনায় উল্লেখ করা ছিল, ভোট কেন্দ্রে ১০ মিনিটের বেশি অবস্থান করা যাবে না। পরিপত্রটি নিয়ে শুক্রবার গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। পরে শনিবার ইসি সচিবালয় আগের নির্দেশনায় সংশোধনী আনে। 

সংশোধনীতে বলা হয়, একসঙ্গে একাধিক গণমাধ্যমের সাংবাদিক একই ভোট কক্ষে প্রবেশ করতে পারবেন না। সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোট কক্ষে অবস্থান করতে পারবেন না। ভোট কক্ষে নির্বাচনি কর্মকর্তা, এজেন্ট ও ভোটারদের সাক্ষাতকার নেয়া যাবে না। সাংবাদিকেরা ভোট গণনা দেখতে পারবেন, কিন্তু সরাসরি সম্প্রচার করতে পারবেন না। 

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও যুগ্ম সচিব আসাদুজ্জামান বলেন, আগের পরিপত্রে টাইপিং মিসটেক (ছাপার ভুল) ছিল। ভোট কেন্দ্র নয়, ভোট কক্ষে সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি থাকতে পারবেন না। তবে তারা ভোটকেন্দ্রে অবস্থান করতে পারবেন।

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!