সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নেয়া হয়েছে: ইসি রাশেদা
নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন সবাই মিলে করতে হবে। প্রার্থীদের আচরণ হবে বিধিমালা অনুযায়ী। আমরা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করছি। এরই মধ্যে সব প্রস্তুতি নেয়া হয়েছে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।
ইসি রাশেদা বলেন, আমরা সিসিটিভির মাধ্যমে রসিক নির্বাচনের কেন্দ্রগুলো নিবিড় পর্যবেক্ষণ করবো। গাইবান্ধায় নির্বাচনে অনিয়মের ব্যবস্থা নিয়েছি। রংপুরেও সুষ্ঠু নির্বাচন চাই।
.png)
তিনি আরো বলেন, রসিক নির্বাচনের সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচনে নিয়োজিত রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাত হাজার সদস্য। মাঠে থাকছে র্যাব ও বিজিবিসহ পুলিশের শতাধিক টহল টিম।
রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল মঙ্গলবার। ২২৯টি কেন্দ্রের এক হাজার ৩৪৯টি কক্ষে সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সব কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। এ সিটিতে দুই লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী ভোটার রয়েছেন।