ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

শৈত্যপ্রবাহ নেই, ৭২ ঘণ্টা যেমন থাকবে আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৪, ২৪ জানুয়ারি ২০২৩
শৈত্যপ্রবাহ নেই, ৭২ ঘণ্টা যেমন থাকবে আবহাওয়া
ফাইল ফটো

সারাদেশেই শীতের দাপট কিছুটা কমেছে। নেই শৈত্যপ্রবাহও। তাপমাত্রা আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  আর সারাদেশে পরবর্তী ৩ দিন রাতের তাপমাত্রা আরো বাড়তে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মঙ্গলবার দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Advertisement

পূর্বাভাসে আরো বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য জায়গায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

ঢাকায় মঙ্গলবার সকালে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। এদিন ঢাকায় উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

আবহাওয়ার বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ ভারতের বিহার ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বাড়তি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ঢাকায় মঙ্গলবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৯ মিনিটে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!