ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
৯৯৯-এ কল পেয়ে উদ্ধার

ফেলে গেল প্রেমিক, যৌনপল্লিতে বেঁচে দিলো রিকশাচালক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৩, ৫ ফেব্রুয়ারি ২০২৩
ফেলে গেল প্রেমিক, যৌনপল্লিতে বেঁচে দিলো রিকশাচালক
ফাইল ফটো

প্রেমিকের ডাকে সাড়া দিয়ে মাসখানেক আগে ঘর ছেড়েছিলেন এক তরুণী। স্বার্থ উদ্ধারের পর পালিয়ে যায় প্রেমিক, তখন তাকে যৌনপল্লিতে বিক্রি করে দেয় এক রিকশাচালক।

এমন অভিযোগ জানিয়ে শনিবার ৯৯৯- নম্বরে কল করেন ভুক্তভোগী তরুণী। পরে যৌনপল্লি থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

রোববার দুপুরে ৯৯৯-এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

Advertisement

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, মাসখানেক আগে প্রেমিকের ডাকে ঘর ছেড়েছিলেন ঐ তরুণী। কিন্তু প্রেমিক তার সঙ্গে প্রতারণা করে পালিয়ে যায়। এরপর এক রিকশাচালককে রাতে থাকার জন্য কম টাকার মধ্যে একটি হোটেলে নিয়ে যেতে বলেন তরুণী। কিন্তু রিকশাচালক তাকে যৌনপল্লিতে বিক্রি করে দেন।

পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, সেখানে বাধ্য হয়ে যৌনতায় জড়ান তরুণী। শনিবার তিনি ৯৯৯ নম্বরে কল করে জানান, তাকে ফরিদপুর রথখোলা এলাকায় একটি যৌনপল্লিতে আটকে রাখা হয়েছে। সেখানকার একজন গ্রাহকের মোবাইল ব্যবহার করে ৯৯৯-এ কল করেছেন। তাকে উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান।

তিনি আরো বলেন, ৯৯৯ কলটেকার কনস্টেবল মামুনুর রশিদ তাৎক্ষণিক ফরিদপুর কোতোয়ালি থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য বলেন। সংবাদ পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। ৯৯৯ ডিসপ্যাচার এসআই দীপন কুমার মণ্ডল সংশ্লিষ্ট থানা ও কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন।

ফরিদপুর কোতোয়ালি থানার এসআই খায়রুল জানান, তারা ১৯ বছর বয়সী তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!