ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আরো একদিন বাড়ল হজযাত্রী নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:০২, ২০ এপ্রিল ২০২৩
আরো একদিন বাড়ল হজযাত্রী নিবন্ধন
ফাইল ফটো

চলতি বছর হজযাত্রী ও এজেন্সিগুলোর অনুরোধে হজযাত্রী নিবন্ধন আরো একদিন বাড়ানো হয়েছে। ঈদের পর আগামী ২৫ এপ্রিল একদিনের জন্য হজের নিবন্ধনে সার্ভার খুলে দেওয়া হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধন নিয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আট দফা সময় বাড়ানোর পর সর্বশেষ গত ১১ এপ্রিল হজের নিবন্ধনের সময় শেষ হয়। তবে কোটাপূরণে ৭ হাজার ৫০৩ জন হজযাত্রীর নিবন্ধন এখনও বাকি আছে। হজের খরচ অত্যাধিক বেড়ে যাওয়ায় এবার বারবার সময় বাড়িয়েও কোটাপূরণ করা যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Advertisement

ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর গত ১৬ এপ্রিলের পত্র ও সম্মানিত হজযাত্রীদের বিশেষ অনুরোধে সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের জন্য নিবন্ধন সার্ভার আগামী ২৫ এপ্রিল একদিনের জন্য উন্মুক্ত থাকবে।

আরো বলা হয়, নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত রয়েছে এবং উভয় ব্যবস্থাপনায় নতুন করে প্রাক-নিবন্ধন করে হজে যাওয়ার সুযোগ আছে। কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। কোনোক্রমেই আর সময় বাড়ানো যাবে না।

আগামী ২৫ এপ্রিল হজ কার্যক্রম পরিচালনাকারী সব ব্যাংককে অফিস সময়ের পরেও প্রস্তুতকৃত ভাউচারের অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত ব্যাংকের শাখা খোলা রাখার জন্য অনুরোধও জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এদিকে চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

হজ পোর্টালের তথ্যানুযায়ী, মোট এক লাখ ১৯ হাজার ৬৯৫ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে সরকারিভাবে ১০ হাজার ৩৫ জন এবং বেসরকারিভাবে এক লাখ ৯ হাজার ৬৬০ জন নিবন্ধিত হয়েছেন।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের নিয়ম রাখা হয়েছে। এবার সরকারিভাবে হজ পালনে খরচ নির্ধারণ করা হয় ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা। অন্যদিকে বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয় ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। এর সঙ্গে কোরবানির খরচ যুক্ত হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: পবিত্র হজ
লিংক সফলভাবে কপি হয়েছে!