এর আগে, আট দফা সময় বাড়ানোর পরও হজ নিবন্ধনে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। ফলে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এবং হজযাত্রীদের অনুরোধে একদিনের জন্য আজ মঙ্গলবার ‘বিশেষ সুযোগ’ ঘোষণা করা হয়।
এই বিশেষ একদিন হজে যেতে চূড়ান্ত নিবন্ধন করেছেন ৭৮৬ জন। এর মধ্যে সরকারিভাবে ৩৭ জন এবং বেসরকারিভাবে ৭৪৯ জন নিবন্ধন করেছেন।
.png)
এদিকে ধর্ম মন্ত্রণালয়ের হজযাত্রী নিবন্ধন সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সরকারি-বেসরকারিভাবে মোট ১ লাখ ২০ হাজার ৪৭৯ জন নিবন্ধন করেছেন। বাংলাদেশের জন্য বরাদ্দ থাকা ৬ হাজার ৭১৯ জনের নিবন্ধন এখনো ফাঁকা রয়েছে।
গত ১৬ এপ্রিল থেকে চূড়ান্ত নিবন্ধন করেছেন- এমন হজযাত্রীদের ভিসার জন্য বায়োমেট্রিক শুরু হয়েছে। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের সব জেলার ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়, ঢাকায় অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও, ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মসজিদ কমপ্লেক্স, ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়, ঢাকা এবং হজ অফিস, আশকোনা, ঢাকায় বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করতে পারবেন।
সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীরা যেখানে বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করবেন সেখানে তাদের পাসপোর্ট জমা দেবেন এবং রশিদ গ্রহণ করবেন। হাব অফিসেও বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করা যাবে।