ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

৪০তম বিসিএসে নন-ক্যাডারে সাড়ে ৪ হাজার নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৪, ১৯ জুন ২০২৩
৪০তম বিসিএসে নন-ক্যাডারে সাড়ে ৪ হাজার নিয়োগ
ফাইল ফটো

বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতরে ৪০তম বিসিএসে চার হাজার ৪৭৮ জনকে নন-ক্যাডারে নিয়োগ দেবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

সোমবার বিকেলে পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতরে নবম থেকে ১২তম গ্রেডের শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে ৪০তম বিসিএসের নন-ক্যাডারে পদ পেতে যারা আবেদন করেছেন তাদের পছন্দক্রম প্রদানের জন্য অনলাইনে আবেদনপত্র চেয়েছে পিএসসি।

Advertisement

এতে আরো বলা হয়, পছন্দক্রমের জন্য মঙ্গলবার (২০ জুন) থেকে আবেদন শুরু হবে। আর আবেদনের শেষ সময় ১ জুলাই। নিজের পছন্দক্রম পূরণের আগে প্রার্থীকে বিজ্ঞপ্তির নির্দেশনা ভালোভাবে পড়ার পরামর্শ দিয়েছে পিএসসি।

এদিকে ৪০তম বিসিএসের ক্যাডার পদে সুপারিশের এক বছরের বেশি সময় পর নন-ক্যাডারদের শূন্যপদের তালিকা প্রকাশ করলো পিএসসি। গত ২০২১ সালের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ১০ হাজার ৯৬৪ জন।

২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এরপর প্রিলিমিনারি পরীক্ষার জন্য আবেদন করেছিলেন চার লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। এরমধ্যে পরীক্ষা দিয়েছেন তিন লাখ ২৭ হাজার জন। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।

গত বছরের ৩০ মার্চ ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে এক হাজার ৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়। এছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি এমন আট হাজার ১৬৬ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: পিএসসি
লিংক সফলভাবে কপি হয়েছে!