দেশে ফিরলেন আরো ৪১৯ হাজি
পবিত্র হজ শেষে দ্বিতীয় ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন আরো ৪১৯ হাজি। সোমবার সকাল ৬টা ৫ মিনিটে ফ্লাইটটি হাজিদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইট।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানিয়েছেন, রোববার রাতে সৌদি আরবের মদিনা মুনওয়ারা বিমানবন্দর থেকে এই ফিরতি ফ্লাইট ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। আজ ভোরে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। আনুষ্ঠানিকতা শেষে সকাল সাতটার দিকে বিমানবন্দর থেকে বের হন হাজিরা। এ সময় সব হাজিকে জমজম কূপের পানির পাঁচ লিটারের একটি বক্স দেওয়া হয়।
এর আগে, রোববার সন্ধ্যায় পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে ফ্লাইনাস এয়ারলাইন্সের ফিরতি প্রথম ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৩৩ জন হজযাত্রী। বিমানবন্দরে হাজিদের অভ্যর্থনা জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব গেছেন। এসব হজযাত্রী বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয় ৩২৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে।