ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডিসেম্বরে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নেমে আসবে: অর্থসচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২২, ১১ ডিসেম্বর ২০২৩
ডিসেম্বরে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নেমে আসবে: অর্থসচিব
অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার- ফাইল ফটো

চলতি ডিসেম্বর মাসের মধ্যে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নেমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

তিনি বলেছেন, এখন আমাদের অর্থনীতির একমাত্র চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। তবে সংকোচনমূলক মুদ্রানীতি এবং সংকোচনমূলক আর্থিক নীতির মাধ্যমে আমরা অনেকটাই উত্তরণ করতে পেরেছি। খাদ্যমূল্য কমছে এবং মূল্যস্ফীতি গত মাসে শূন্য দশমিক পাঁচ শতাংশ কমেছে। আমি আশাবাদী, ডিসেম্বর মাসের মধ্যে মূল্যস্ফীতি ৯ শতাশের নিচে নেমে আসবে।

রোববার ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত ভ্যাট দিবসের সেমিনারে এসব কথা বলেন তিনি।

Advertisement

ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, চলতি ২০২৩-২৪ অর্থবছর শেষে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা অনুযায়ী ৭ দশমিক ৫ শতাংশে আসবে। আগামী অর্থবছরে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৬ শতাংশের নিচে থাকবে।

কোভিড পরবর্তী সময়ে বাংলাদেশে অর্থনৈতিক পুনরুদ্ধার দ্রুত হয়েছে উল্লেখ করে অর্থসচিব বলেন, বৈশ্বিক নানা চ্যালেঞ্জের প্রেক্ষাপটে আমরা আগেভাগেই সংকোচনমূলক ব্যবস্থা গ্রহণ করেছি। আর্থিক ব্যয়ের ক্ষেত্রে কৃচ্ছতা সাধন করা হচ্ছে। বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির শক্তিশালী অবস্থা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে।

তিনি আরো বলেন, চলতি অর্থবছরের বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৫ লাখ কোটি টাকা। সুতরাং, ঘাটতি বাজেট ২ লাখ ৬১ হাজার কোটি টাকার। এ ঘাটতি বাজেট মেটানোর জন্য সরকারকে ঋণ নিতে হয়।

ড. খায়েরুজ্জামান বলেন, দেশে কর সংস্কৃতি গড়ে তোলার জন্য অটোমেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই অটোমেশনের জন্য সরকার এনবিআরকে আরো বেশি অর্থ বরাদ্দ দেবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!