ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

কনকনে ঠান্ডার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৮, ২৫ ডিসেম্বর ২০২৩
কনকনে ঠান্ডার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস
ফাইল ফটো

দেশের বিভিন্ন স্থানে মৃদু বাতাসের সঙ্গে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। এছাড়া সারাদেশেই হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ছে। এসবের মধ্যেই দেশের দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে তাপমাত্রা আরো কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

Advertisement

এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এতে আরো বলা হয়, মঙ্গলবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত ৫ দিনে তাপমাত্রা আরো কমতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

সোমবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!