ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২২, ৭ ফেব্রুয়ারি ২০২৪
দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে
ছবি: সংগৃহীত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেছেন, দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে র‌্যাব ফোর্সেস থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। 

বুধবার র‌্যাব সদর দফতরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটির নেতদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ কথা বলেন তিনি।

এ সময় র‌্যাব মহাপরিচালক ক্র্যাবের নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ক্র্যাব নেতারাও ক্র্যাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

Advertisement

র‌্যাব মহাপরিচালক বলেন, র‌্যাব ও সাংবাদিক একে অপরের পরিপূরক। র‌্যাব এবং সাংবাদিকদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে জঙ্গি দমন, মাদক উদ্ধার, হত্যাকারী, ডাকাত, অপহরণকারী ও চাঁদাবাজসহ যেকোনো অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।

তিনি বলেন, র‌্যাব ফোর্সেস পূর্বের ন্যায় ভবিষ্যতেও মাদকদ্রব্য উদ্ধার ও পণ্যবাহী যানবাহনে চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে। দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ফোর্সেস নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবে।

রাষ্ট্রের সুষম বিকাশ ও সমাজ গঠনে অতীতের ন্যায় ভবিষ্যতেও সাহসী পথচলায় নিজেদের অবস্থান সমুন্নত রাখার জন্য র‌্যাব মহাপরিচালক নবনির্বাচিত কমিটির প্রতি আহ্বান জানান। 

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি অপরাধ দমনের ক্ষেত্রে যেকোনো অপরাধের তথ্য প্রদান করে র‌্যাবকে সহায়তা করার আহ্বানও জানান তিনি।

এ সময় র‌্যাবের মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল মো. মাহাবুব আলম,  অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি ইমতিয়াজ আহমেদ, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনসহ র‌্যাব ফোর্সেস সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!