ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রমজান মাসে কেমন থাকবে গরমের মাত্রা, জানালো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০১, ৯ মার্চ ২০২৪
রমজান মাসে কেমন থাকবে গরমের মাত্রা, জানালো আবহাওয়া অফিস
ফাইল ফটো

শীত শেষে বেড়েছে তাপমাত্রার পারদ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩৪ ডিগ্রিতে। এতে গরম অনুভূত হচ্ছে বেশ। এদিকে দরজায় কড়া নাড়ছে রমজান। বাকি আর মাত্র দুই দিন দিন। এদিকে মার্চ মাসজুড়ে আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে একটি সামগ্রিক পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতরের বিশেষজ্ঞ কমিটি। 

গত ৩ মার্চ অনুষ্ঠিত এক সভায় ফেব্রুয়ারির আবহাওয়া পর্যালোচনা করা হয় এবং মার্চ মাসের জন্য দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেন তারা। 

কমিটির তথ্য অনুযায়ী— চলতি মাসে এক দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ এক থেকে দুটি মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে ক্রমশ তাপমাত্রা বাড়বে। 

Advertisement

চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। 

এ মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে। 

অন্যদিকে নদ-নদীর অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মার্চ মাসে দেশের প্রধান নদ-নদী সমূহের প্রবাহ স্বাভাবিক থাকতে পারে এবং কৃষি বিষয়ক পূর্বাভাসে বলা হয়েছে চলতি মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক শূন্য থেকে ৪ দশমিক শূন্য মিলিমিটার হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!