আগামী ১১ এপ্রিল ঈদ হবে ধরে এবারের ঈদযাত্রার সূচি সাজিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রোববার থেকে আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে, যা চলবে ৩০ মার্চ পর্যন্ত।
চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
.png)
রোববার সকালে টিকিট বিক্রি শুরু হয়ে বেলা ১০টার পরও কয়েকটি ট্রেনের কিছু আসন ফাঁকা ছিল। তবে সোমবার দেখা গেছে অন্যচিত্র।
কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক মো. মাসুদ সারওয়ার বলেন, সোমবার টিকিটের চাহিদা ব্যাপক বেড়েছে। আগামী ৪ তারিখ বৃহস্পতিবার এবং ৫, ৬ সাপ্তাহিক ছুটি। সেজন্য ঈদের আগেই অনেকে বাড়ি চলে যাবেন। তাই ৪ তারিখের টিকিটের ব্যাপক চাহিদা। কিছু ট্রেনের টিকিট বিক্রি শুরুর ১৫ মিনিটের মধ্যেই শেষ হয় গেছে।
রেল কর্তৃপক্ষের টিকেট বিক্রির সূচি অনুযায়ী ২৬ মার্চ পাওয়া যাবে ৫ এপ্রিলের টিকিট। এরপর ২৭ মার্চ ৬ এপ্রিলের, ২৮ মার্চ ৭ এপ্রিলের, ২৯ মার্চ ৮ এপ্রিলের এবং ৩০ মার্চ ৯ এপ্রিলের টিকিট বিক্রি হবে।
ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল। ৯ এপ্রিল পর্যন্ত ফিরতি যাত্রার অগ্রিম টিকিট মিলবে।
এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম থেকে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট, রেল সেবা অ্যাপ ও সহজ ডটকমের প্ল্যাটফর্ম থেকে টিকিট সংগ্রহ করা যাবে।
ঈদের আগে সারাদেশের বিভিন্ন রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের ৩৩ হাজার ৫০০টি টিকিট বিক্রি হবে।
ঈদ উপলক্ষে সারাদেশের বিভিন্ন রুটে আট জোড়া বিশেষ ট্রেন চালানো হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।