ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

জিম্মি ২৩ নাবিক ও জাহাজের মুক্তিপণের বিষয়ে দস্যুদের সঙ্গে কথা হয়নি: মালিকপক্ষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৬, ২৯ মার্চ ২০২৪
জিম্মি ২৩ নাবিক ও জাহাজের মুক্তিপণের বিষয়ে দস্যুদের সঙ্গে কথা হয়নি: মালিকপক্ষ
ফাইল ফটো

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ্‌র বিষয়ে জলদস্যুদের সঙ্গে মুক্তিপণ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে জাহাজটির মালিকপক্ষ।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন এমভি আবদুল্লাহ্‌র মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম।

তিনি বলেন, আমাদের সঙ্গে মুক্তিপণ নিয়ে দর কষাকষি হয়নি। মূলত এখনো তারা মুক্তিপণের বিষয়টি সামনে আনেনি। তবে আমরা এমন কিছু হতে পারে ধরে নিয়ে অগ্রিম কিছু পদক্ষেপ নিয়ে রেখেছি।

Advertisement

মিজানুল ইসলাম বলেন, ১৩ বছর আগে এমভি জাহান মণিকে যেভাবে দস্যুদের কবল থেকে মুক্ত করা হয়েছিল, সেই অভিজ্ঞতার আলোকেই আমরা এগিয়ে যাচ্ছি। নাবিকরা মুক্তি পেলে তাদের বিমানযোগে দেশে আনা হবে। এছাড়া জাহাজ ফিরিয়ে আনার জন্য অপর একটি দলকে পাঠানো হবে, সেটিও আগেভাগে ঠিক করে রাখা হয়েছে। ঈদের আগেই নাবিকদের মুক্তির সর্বোচ্চ চেষ্টা করছি।

গত ৪ মার্চ মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে যাত্রা শুরু করে এমভি আবদুল্লাহ। জাহাজটির কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা ছিল। কিন্তু ১২ মার্চ দুপুরে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি।

২০১০ সালের ৫ ডিসেম্বর আরবসাগরে একই প্রতিষ্ঠানের জাহাজ ‘এমভি জাহান মণি’ জলদস্যুদের কবলে পড়েছিল। পরে ঐ জাহাজের ২৫ নাবিক ও প্রধান প্রকৌশলীর স্ত্রীকে জিম্মি করে দস্যুরা। পরে নানাভাবে দর কষাকষি শেষে দস্যুদের সঙ্গে সমঝোতা করে ২০১১ সালের ১৪ মার্চ তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!