পূর্বাঞ্চল রেলের ১৬ হাজার ৬৯৬টি টিকিটের মধ্যে ১৫ হাজার টিকিটই প্রথম দুই ঘণ্টায় বিক্রি হয়ে যায়।
শনিবার সহজডটকমের চিফ অপারেটিং অফিসার সন্দ্বীপ দেবনাথ এ তথ্য জানান।
.png)
জানা যায়, ঈদ সামনে রেখে গতকাল সপ্তম দিন ও শেষ দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি করে বাংলাদেশ রেলওয়ে। এদিন বিক্রি হয় ৯ এপ্রিলের টিকিট। দুপুর ২টায় পূর্বাঞ্চলের ১৬ হাজার ৬৯৬টি টিকিট ছাড়া হয় অনলাইনে। আধা ঘণ্টায় হিট হয় এক কোটি ৭৬ লাখ বার। অর্থাৎ একটি টিকিটের জন্য গড়ে এক হাজার ৫৪ বার চেষ্টা করা হয়েছে।
আর এই সময়ে বিক্রি হয় ১১ হাজার টিকিট, যা অন্যান্য দিনের তুলনায় প্রায় দ্বিগুণ। শুক্রবার এই হিটের সংখ্যা ছিল এই সময়ে ৯৬ লাখ ৮০ হাজার।
অন্যদিকে, সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ১৪ হাজার ৭৭০ টিকিট অনলাইনে উন্মুক্ত হওয়ার প্রথম ১৫ মিনিটের মধ্যেই ৯ হাজার ৩২৯টি বিক্রি হয়ে যায়। প্রথম আধা ঘণ্টায় টিকিট খুঁজতে সার্ভারে হিট পড়েছে এক কোটি ২৩ লাখ। একটি টিকিটের জন্য গড়ে ৮৩২ বার চেষ্টা করা হয়েছে। আর উন্মুক্ত হওয়ার এক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে যায় ১৩ হাজার ৭৭৫টি টিকিট।
সহজ ডট কমের প্রধান নির্বাহী সন্দীপ দেবনাথ জানান, গতকাল ঢাকা থেকে আন্তঃনগর ট্রেনের দুই অঞ্চল মিলিয়ে আসন সংখ্যা ছিল ৩১ হাজার ৪৬৬টি। আর সারা দেশের জন্য ছিল এক লাখ ৫০ হাজার ৭০২টি। বিকেল সাড়ে চারটা পর্যন্ত দুই অঞ্চল মিলিয়ে টিকিট বিক্রি হয়েছে ২৯ হাজার ৫৪৯টি। এছাড়া সারা দেশের বিক্রি হয়েছে ৫৫ হাজার ৮৯০টি।
এরআগে, ৩ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে গত ২৪ মার্চ। পাশাপাশি ৪ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৭ মার্চ, ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৮ মার্চ এবং ৮ এপ্রিলের টিকিট বিক্রি হয় ২৯ মার্চ। এরপর চাঁদ দেখা সাপেক্ষে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি করবে রেল।