ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ইভিএমে হবে উপজেলা নির্বাচন: ইসি আলমগীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৬, ২০ এপ্রিল ২০২৪
ইভিএমে হবে উপজেলা নির্বাচন: ইসি আলমগীর
নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর- ফাইল ফটো

এবার উপজেলা নির্বাচন ইভিএম পদ্ধতিতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

তিনি বলেন, ইভিএমে ভোট দেওয়া হলো টিকার মতো; আগে অনেক ভয় থাকে, তবে দেওয়ার সময় টেরও পায় না। এটি খুবই সহজ একটি পদ্ধতি। ভোটাররা ভোট দিতে এলে দেখবে, এটি অত্যন্ত সহজ।

তিনি আরো বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট বক্স ছিনতাইয়ের ভয় থাকে না এবং এক জনের ভোট অন্য জন দিতেও পারে না।

Advertisement

শনিবার দুপুরে মানিকগঞ্জ ‍জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে হরিরামপুর ও সিংগাইর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি আলমগীর।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সবার সহযোগিতায় একটি উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন সম্পন্ন হয়েছে। যেখানে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উপজেলা পরিষদ নির্বাচন হলো স্থানীয় সরকার নির্বাচন। এখানে আরো উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে।

স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক ফ্লেবার নেই উল্লেখ করে ইসি আলমগীর বলেন, এটি কোনো রাজনৈতিক নির্বাচন নয়, এটি স্থানীয় সরকার নির্বাচন। এখানে কোনো রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন নেই। এবারের নির্বাচনে কোনো রাজনৈতিক ফ্লেবার নেই। নির্বাচনটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে হতে হবে। কোনো প্রার্থীর প্রচারণায় বা ভোটারকে বাঁধা দিতে না পারে এবং কোনো ধরনের আইনশৃঙ্খলার অবনতি না হয় এই ম্যাসেজগুলো আমরা দিয়েছি। অনেক রাজনৈতিক দল অফিসিয়ালি সরাসরি নির্বাচনে অংশগ্রহণ না করলেও আন-অফিসিয়ালি একটি পক্ষকে নির্বাচনে সমর্থন করছে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক রেহেনা আখতার, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আমিনুর রহমান মিঞাসহ সরকারি আরো অনেক দফতরের কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!